পাকিস্তান আর ভারত, প্রতিবেশী দুই দেশের সম্পর্কটা চিরবৈরিই। আগে যদিও সৌহার্দ্যের দেখা মিলত দুই দেশের খেলোয়াড়দের মধ্যে, এখন সেটা একেবারেই উবে গেছে। এতটাই যে দুই দলের মুখ দেখাদেখিও রীতিমতো বন্ধ। ঠিক এমনই এক সময়ে ‘পাকিস্তানের অধিনায়ক’ বনে গেলেন রোহিত শর্মা!

না না, সত্যি সত্যি হননি। এমনটা দেখা গেছে মিরপুর টেস্টের লাইভ সম্প্রচারে। 

খেলা দেখানোর সময় ছোটখাটো তথ্যগত ত্রুটি প্রায়ই চোখে পড়ে, কিন্তু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলমান বাংলাদেশ-পাকিস্তান টেস্টে সম্প্রচারকারী প্রতিষ্ঠান যে ভুলটি করেছে, তা রীতিমতো অবিশ্বাস্য।

আজ বাংলাদেশের প্রথম ইনিংস চলার সময় পর্দায় পাকিস্তানের একাদশ প্রদর্শন করতে গিয়ে গোটা ভারতীয় দলের নাম দেখানো হয়। গ্রাফিকসে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দেখা যায় রোহিত শর্মাকে, আর দলে স্থান পান শুবমান গিল, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের মতো ভারতীয় ক্রিকেটাররা। 

তালিকায় আরও ছিলেন তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, রিংকু সিং, রবি বিষ্ণই ও অর্শদীপ সিং। মজার বিষয় হলো, এদের বেশিরভাগেরই এখন পর্যন্ত টেস্ট অভিষেকই হয়নি।

ভুলটি মাত্র ৭ সেকেন্ড পর্দায় ছিল, এরপরই সরিয়ে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে দর্শকরা দেখে ফেলেছেন। ক্রিকেটপ্রেমীরা এই অদ্ভুত ঘটনায় হতবাক হয়ে পড়েন এবং সোশ্যাল মিডিয়ায় মিম ও ট্রলের বন্যা বয়ে যায়। তবে এই লেখা পর্যন্ত সম্প্রচারকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি।

এদিকে ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রানে অলআউট হয়েছে। জবাবে পাকিস্তান দ্বিতীয় দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews