বিশ্বের সবচেয়ে আলোচিত ক্রীড়া আসর সুপার বোলের হাফটাইম শোতে ইতিহাস গড়লেন গ্র্যামি জয়ী শিল্পী ব্যাড বানি। প্রথমবারের মতো এই মঞ্চে প্রধানত স্প্যানিশ ভাষায় পরিবেশিত হলো একটি পূর্ণাঙ্গ হাফটাইম শো, যেখানে আমেরিকা মহাদেশজুড়ে ঐক্যের বার্তা তুলে ধরেন পুয়ের্তো রিকান এই তারকা।
তবে ব্যাড বানির এই সাহসী ও ব্যতিক্রমী পরিবেশনা ভালোভাবে গ্রহণ করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সমর্থকেরা। ট্রাম্প প্রকাশ্যে এ পারফরম্যান্সকে কটাক্ষ করে একে সবচেয়ে বাজে হাফটাইম শোগুলোর একটি বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বিরক্ত হয়ে বলেন , এই লোক কী বলছেন, কেউই তা বুঝতে পারছে না।
ট্রুথ সোশ্যালে অনুষ্ঠানের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, সুপার বোলের হাফটাইম শো একেবারেই ভয়াবহ—সবচেয়ে খারাপগুলোর একটি, বলা যায় ইতিহাসেরই অন্যতম খারাপ! এর কোনো অর্থই নেই, এটা আমেরিকার মহত্ত্বের প্রতি অপমান, এবং আমাদের সাফল্য, সৃজনশীলতা বা উৎকর্ষতার মানদণ্ডের প্রতিনিধিত্ব করে না। এই লোকটি কী বলছে, কেউ একটা শব্দও বুঝতে পারছে না, আর নাচগুলোও অশোভন—বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রজুড়ে এবং সারা বিশ্বে ছোট ছোট বাচ্চারাও এটা দেখছে।
ট্রাম্প আরও বলেন, এই শো আমাদের দেশের প্রতি এক ধরনের “চড়ের মতো” অপমান, অথচ আমাদের দেশ প্রতিদিন নতুন নতুন মানদণ্ড ও রেকর্ড স্থাপন করছে—ইতিহাসের সেরা স্টক মার্কেট এবং ৪০১(কে) পর্যন্ত! এই হাফটাইম শোর এই বিশৃঙ্খলায় কোনো অনুপ্রেরণামূলক কিছু নেই—দেখে নিও, তথাকথিত “ফেক নিউজ” মিডিয়া এটাকে দারুণ রিভিউ দেবে, কারণ বাস্তব জগতে কী হচ্ছে সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। আর হ্যাঁ, এনএফএল-এর উচিত তাদের হাস্যকর নতুন কিকঅফ নিয়মটি অবিলম্বে বদলে ফেলা। মেক আমেরিকা গ্রেট এগেইন! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প

সুপার বোলের ইতিহাসে এই প্রথম কোনো শিল্পী প্রধানত স্প্যানিশ ভাষায় হাফটাইম শো উপস্থাপন করলেন। এ কারণেই রিপাবলিকানদের একাংশ ব্যাড বানিকে নির্বাচন করার সিদ্ধান্তের বিরোধিতা করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও আইস (ICE) অভিযানের বিরুদ্ধে তাঁর প্রকাশ্য অবস্থান রিপাবলিকানদের সমালোচনার অন্যতম কারণ হয়ে ওঠে। এমনকি ব্যাড বানির পরিবেশনার প্রতিবাদ জানাতে ট্রাম্পপন্থীরা আলাদা করে একটি ‘অল আমেরিকান’ বিকল্প শো আয়োজন করে। তবে এসব বিতর্ক ও সমালোচনার মধ্যেও ব্যাড বানির পারফরম্যান্স বিশ্বজুড়ে কোটি দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
গ্র্যামি জয়ী এই গায়ক তাঁর পরিবেশনায় নিজের জন্মভূমি পুয়ের্তো রিকোর সংস্কৃতি ও পরিচয়কে শ্রদ্ধা জানান এবং একই সঙ্গে উত্তর ও দক্ষিণ আমেরিকাজুড়ে বসবাসরত লাতিনো জনগোষ্ঠীর জীবন, সংগ্রাম ও সংস্কৃতিকে তুলে ধরেন এবং আমেরিকান মহাদেশের সকল দেশসমূহের মঙ্গল কামনা করেন। তবে সব বিতর্কের পরও ব্যাড বানির এই পরিবেশনা সুপার বোলের ইতিহাসে ভাষা, সংস্কৃতি ও প্রতিনিধিত্বের এক সাহসী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে—এমনটাই মত বিনোদন বিশ্লেষকদের।