আপাতত চিন্তামুক্ত বর্তমান ও সাবেক দুই চ্যাম্পিয়ন। ফেডারেশন কাপ ফুটবলে তারা বাঁচামরার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল। বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ছিল পুলিশ। ঢাকা মোহামেডানের সামনে ছিল আরামবাগ। দুই দল হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায়। সেই চ্যালেঞ্জে জয়ী হয়েছে ৪৬ বছরের পুরোনো আসরে বর্তমান চ্যাম্পিয়ন কিংস ও সাবেক শিরোপাজয়ী মোহামেডান। এর আগে আরেক চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়নও কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে। এখন আসরে সর্বোচ্চ শিরোপা জেতা ঢাকা আবাহনী টিকবে না বিদায় নেবে সেটাই অপেক্ষা। ২৮ এপ্রিলই হবে তাদের ভাগ্য পরীক্ষা।

ফেডারেশন কাপে ট্রফি জেতাটা যাদের অভ্যাসে পরিণত হয়েছে। সেই কিংসেরই কি না বাদ পড়ার শঙ্কা ছিল। শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আরেকবার শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়ে রাখল। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে তারা ৪-১ গোলে বাংলাদেশ পুলিশ এফসিকে হারায়। প্রতিপক্ষ দুর্বল হলেও সোহেল রানারা যে আতঙ্কে ছিলেন তা তারা অস্বীকার করতে পারবেন না। কেননা চলতি লিগে কিংস একমাত্র ম্যাচটি হেরেছে পুলিশের কাছে। তাও আবার কিংস অ্যারিনাতেই। চাপটা আরও বেড়ে যায় গোল পেতে দেরি হওয়ায়।

কিংস মোহামেডান কোয়ালিফায়ারেব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ কিংসের যে পরীক্ষিত সৈনিক আবারও প্রমাণ মিলল। লিগের নিজেদের ১৩তম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ডরিয়েলটন খেলেননি। গোলের খরায় বন্দি থেকে তাই কিংসকে মূল্যবান দুই পয়েন্ট হারাতে হয়েছে। পুলিশের বিপক্ষে তিনিই ছিলেন জয়ের নায়ক। ৪-১ গোলে জিতেছে কিংস। আর হ্যাটট্রিকসহ একাই ৪ গোল করেন ডরিয়েলটন। গোল মেশিন যাকে বলে। বড় ব্যবধানে হেরে বিদায় নিলেও ম্যাচে লিড নিতে পারত পুলিশই।

৩৫ মিনিটে তারা পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি। পাওলো এনরিকের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এখান থেকে রক্ষা পেয়েই ডরিয়েলটনের ম্যাজিক শুরু। প্রথমার্ধের যোগ করা সময়ে ফাহিমকে পুলিশের ডি-বক্সের ভিতরে ফাউল করেন ইসমাইল। ডরিয়েলটন সহজে জালে বল পাঠান। ৫২ মিনিটে তিনিই ব্যবধান ২-০ করেন। ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন। শেষের দিকে আরেকটি গোল করেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পুলিশের সান্ত্বনার গোলটি করেন বাবলু।

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান শুধু জিতেইনি। চলতি মৌসুমে তারা সেরা ম্যাচটি খেলল গতকাল। জায়ান্ট কিলারখ্যাত আরামবাগকে ৪-০ গোলে হারিয়েছে মোহামেডান। আলফাজকে বদলের পর সেন্টুর প্রশিক্ষণে মোহামেডান ৩-০ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারায়। কালও সহজে জয় হলো। বলা যায় বিষণ্নতা কাটিয়ে উঠেছে সাদা-কালোরা। ম্যাচের জয়ের নায়ক ছিলেন সৌরভ দেওয়ান। হ্যাটট্রিক করেন তিনি। ৩৬ মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায় মোহামেডান। এরপর একাই তিন গোল করেন সৌরভ। পরবর্তী রাউন্ডে উঠলেও মোহামেডানের প্লে-অফ ম্যাচের প্রতিপক্ষ ঠিক হয়নি। তবে কিংস ফাইনালে উঠতে কোয়ালিফায়ার খেলবে ব্রাদার্সের বিপক্ষে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews