উদ্ভূত পরিস্থিতিতে সোমবার অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ ঘোচাতে তিন দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের কোনো সংবাদ বা ছবি কাল প্রকাশ করেনি দেশের মূলধারার সংবাদমাধ্যমগুলো।
নাম অদম্য হলেও বিসিবির এই জোড়াতালির টুর্নামেন্ট একদমই সাড়া ফেলতে পারেনি দেশের ঝিমিয়ে পড়া ক্রিকেটাঙ্গনে। উলটো উসকে দিয়েছে নতুন বিতর্ক। কদিন আগে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরেই এই বয়কটের সিদ্ধান্ত।
ডেইলি সানের ফটো সাংবাদিক তানভিন তামিম গত ৬ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবির তিন পরিচালক-ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও এম নাজমুল ইসলামের কথোপকথনের একটি ছবি তোলেন। ছবিতে এম নাজমুল ইসলামের দিকে আঙুল তুলে কথা বলতে দেখা যায় ফারুক আহমেদকে, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছবি তোলার ঘটনায় তানভিন তামিমকে শোকজ করে বিসিবি। বিষয়টি মেনে নিতে পারেননি ক্রীড়া সাংবাদিকরা। তারা দাবি জানান, শোকজের কারণ ও প্রক্রিয়ার জন্য বিসিবিকে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করতে হবে।
এজন্য কাল ম্যাচ শুরুর সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় এবং বিষয়টি বিসিবির মিডিয়া বিভাগের প্রধানকে জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি দুঃখপ্রকাশ না করায় সাংবাদিকরা মাঠ ত্যাগ করেন।