ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমানোর অনুমোদন দিয়েছেন। তবে দেশটির বিচার বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে জড়িত কেউ এই তালিকায় নেই।

ইসলামি বিপ্লবের বার্ষিকী সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষে অতীতেও এ ধরনের সাধারণ ক্ষমা দিয়ে থাকেন সর্বোচ্চ নেতা।

বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের প্রধানের অনুরোধে খামেনি ২ হাজার ১০৮ জন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ, কমানো বা পরিবর্তনের অনুমতি দিয়েছেন।

তবে বিচার বিভাগের উপপ্রধান আলি মোজাফফারির বরাত দিয়ে বলা হয়েছে, সাম্প্রতিক দাঙ্গা ও বিক্ষোভে জড়িত অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্তরা এই তালিকার অন্তর্ভুক্ত নন।

গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়, যা ৮ ও ৯ জানুয়ারি সবচেয়ে তীব্র আকার ধারণ করে।

তেহরান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অস্থিরতায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকও রয়েছেন। সরকার এই সহিংসতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও পরে তা বিদেশ-উসকানিতে সহিংস দাঙ্গায় পরিণত হয়, যেখানে হত্যাকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটে।

তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, নিহতের সংখ্যা আরও বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, তারা ৬ হাজার ৯৬৪ জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে, যাদের বেশিরভাগই বিক্ষোভকারী।

সূত্র: এএফপি

এমএসএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews