ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুই বাংলাদেশিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বাধীনতা সুরক্ষা মঞ্চ।

সংগঠনটি বলছে, সীমান্তে কোন নামেই এ ধরনের হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়।

রোববার (১০ মে) স্বাধীনতা সুরক্ষা মঞ্চ এর সদস্য সচিব শামস উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদনে আমরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নবীন হোসেন (২০) এবং মোহাম্মদ মোরসালিন (৪০) নামক ২ বাংলাদেশি নিহতের খবর পেয়েছি। এটি সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতা বলেই আমরা মনে করি। কসবা সীমান্তের এ ঘটনায় তদন্ত করতে হবে। সকল সীমান্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এর মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে।

স্বাধীনতা সুরক্ষা মঞ্চ জানায়, ঢাকার সাথে দিল্লীর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা লক্ষণীয় হলেও সীমান্তে এর কোনো প্রভাব পরিলক্ষিত হচ্ছে না। সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা করে কখনও কোন দেশের সাথে সম্পর্ক স্থাপন করা যায়নি। বিএসএফের এ ধরনের হত্যাকাণ্ড সব ধরনের আন্তর্জাতিক আইনবিরোধী। কথিত চোরাচালানি ইস্যু কিংবা অন্য কোন নামেই এ ধরনের খুনকে বৈধতা দেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই।

বিএসএফ ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে এসে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার কথা বললেও সীমান্তে তারা বিষয়টি চর্চা করেন না। এ বিষয়ে বাংলাদেশ এবং ভারত সরকারসহ সংশ্লিষ্টদের যথাযথ প্রক্রিয়া গ্রহণ করতে হবে- বিবৃতিতে জানায় স্বাধীনতা সুরক্ষা মঞ্চ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews