নেদারল্যান্ডসের দেওয়া ১৪৮ রানের টার্গেটে ভালো শুরু পায় পাকিস্তান। এরপর ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা।  তবে এক ক্যাচ মিসেই জয়ের স্বপ্ন শেষ হয়েছে ডাচদের। জীবন পেয়ে ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানকে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন ফাহিম আশরাফ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক সালমান আলী আগা। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে ডাচরা। 

দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড করেন ৩০ রান। পাকিস্তানের হয়ে বল হাতে সালমান মির্জা ২৪ রানে ৩টি এবং নওয়াজ, আবরার ও সাইম আইয়ুব ২টি করে উইকেট শিকার করেন।

১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫৩ রানের মধ্যে জোড়া উইকেট হারায় পাকিস্তান। সায়েম আয়ুব ১৩ বলে ২৪ ও সালমান ৮ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর বাবর আজম ও শাহিবজাদা ফারহান মিলে ৪৫ রানের জুটি গড়েন। তবে এরপরই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনে। মাত্র ১৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। 

শাহিবজাদা ৪৭, বাবর ১৫, মোহাম্মদ নেওয়াজ ৬, শাদাব খান ৮ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান উসমান খান। শেষ দিকে পাকিস্তানের জন্য ত্রাতা হয়ে আসেন ফাহিম আশরাফ। ১১ বলে ২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠে ছাড়েন তিনি। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews