অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বগুড়ার শেরপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ১৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশবরেণ্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন এসব সেলাই মেশিন সুবিধাভোগীদের হাতে তুলে দেন।

সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নারীরা। তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের জন্য দোয়া করেন। 

কালের কণ্ঠ শেরপুর উপজেলা প্রতিনিধি মো. আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশবরেণ্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি বাবু স্বাধীন কুমার কুন্ডু, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, দৈনিক সমকাল উওরাঞ্চল প্রতিনিধি লিমন বাশার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ। 

এ সময় বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশবরেণ্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন বলেন, বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এর নির্দেশে দেশের অসচ্ছল নারীদের সচ্ছল করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে এসব সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের মানুষের পাশে আছে। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে করোনাকালে প্রায় এক কোটি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। স্কুল ও কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। দেশে ঝড়েপড়া শিশুদেরকে বিদ্যালয় মুখী করতে শুভসংঘ স্কুল প্রতিষ্ঠা করেছে। বসুন্ধরা শুভসংঘের এসব কাজ চলমান থাকবে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগটি অত্যন্ত মহৎ। এমন উদ্যোগের ফলে ১৫টি পরিবার প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছে। সেলাই মেশিনে কাজ করার মাধ্যমে গ্রামের অসচ্ছল নারীরা স্বাবলম্বী হতে পারবেন। তাদের বাচ্চারা স্কুলে পড়ালেখা করতে পারবে। বসুন্ধরা গ্রুপ সব সময় দেশের অসহায় মানুষের পাশে আরও বড় পরিসরে দাঁড়াবে।

বসুন্ধরা গ্রুপের একটি সংগঠন বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটি বন্যা, দুর্যোগসহ সব সময় দেশের অসচ্ছল মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় শেরপুর উপজেলা অডিটরিয়ামে অসচ্ছল ১৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারীরা।

তারা জানান, বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রথমে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়। এই সেলাই মেশিন দিয়ে কাজ করে উপার্জন করে তারা নিজেদের ভাগ্য বদলাবেন। একই সঙ্গে পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবেন।

এ সময় তারা সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের জন্য দোয়া করেন।

বিডি প্রতিদিন/আরকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews