কয়েকদিন ধরেই আলোচনায়, বেতনের অঙ্ক এবং সুযোগ-সুবিধার দাবি না মানলে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না ভিনিসিয়াস জুনিয়র। এমনকি রিয়ালও জানিয়েছিল, ব্রাজিল তারকাকে নতুন করে প্রস্তাব দেবে না তারা। মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দেয়ার জোরালো আলোচনাও ছিল। তবে এতদিন চুপ ছিলেন ভিনি। এবার মুখ খুলেছেন এই ফরোয়ার্ড, সেই সঙ্গে রিয়ালের অনুশীলনেও দেখা গেছে তাকে।
হোসে মরিনহোর অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতির দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছেন ভিনিসিয়াস। পরে রিয়াল মাদ্রিদ টিভিকে ইতিবাচক অভিজ্ঞতার কথা জানান ২৬ বর্ষী ফরোয়ার্ড।
বলেছেন, ‘সবকিছু খুব ভালোভাবেই হয়েছে। নতুন কোচ ও খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছি এবং খুব কঠোর পরিশ্রম করছি। মরিনহো চান আমি যেন সব সময়ের মতোই থাকি- হাসিখুশি, প্রাণবন্ত এবং নিজের স্বাভাবিক ফুটবল খেলি।’
রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও এক বছর চুক্তির মেয়াদ রয়েছে ভিনিসিয়াসের। তবে নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও আলোচনা চলছে। অন্যদিকে ইংলিশ ক্লাব আর্সেনালও চাচ্ছে তাকে। দলবদল নিয়ে কথা না বললেও আসন্ন মৌসুমের প্রস্তুতি নিয়ে জানিয়েছেন।
বলেছেন, ‘আমাদের শারীরিকভাবে ভালো প্রস্তুতি নিতে হবে, যাতে মৌসুমজুড়ে চোট কম হয় এবং আমরা সবাইকে দলে পাই। আজকের অনুশীলনটা খুব ভালো হয়েছে। আমরা সবাই খুব ক্লান্ত হয়ে মাঠ ছেড়েছি। এখন বিশ্রাম নেওয়ার সময়, কারণ বুধবার আবার অনুশীলন আছে। প্রাক-মৌসুম প্রস্তুতি এমনই হয়, আর আমাদের প্রস্তুত থাকতে হবে।’