টানা দুই বিশ্বকাপেই জয়শূন্য ওমান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের যাত্রা সুখকর না হলেও হতাশার মাঝেও ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন অধিনায়ক জাতিন্দর সিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হার দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে দলটি।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এবারের আসরে গ্রুপ ‘বি’-তে চার ম্যাচ খেলেও কোনো জয়ের দেখা পায়নি ওমান। নামিবিয়া ও কানাডার সঙ্গে তারাও ছিল সেই তিন দলের একটি, যারা এবারের বিশ্বকাপে জয়শূন্য থেকে বিদায় নিয়েছে। ফলে পয়েন্ট টেবিলের তলানিতেই শেষ করতে হয়েছে তাদের অভিযান।

শুক্রবার পাল্লেকেলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাতিন্দর সিং বলেন, “বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আমাদের জন্য বিশাল গর্বের। ফলাফল আমাদের পক্ষে যায়নি, কিন্তু দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা কৃতজ্ঞ। এই অভিজ্ঞতা আমাদের জন্য বড় অর্জন।”

টানা দুই বিশ্বকাপেই জয়শূন্য থাকলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী জাতিন্দর। তিনি বলেন, “এই মঞ্চে খেলার অভিজ্ঞতা আমাদের বড় শিক্ষা দিয়েছে। এখন আমরা জানি, এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে কী ধরনের প্রস্তুতি দরকার। ছেলেরা অনেক ইতিবাচক দিক শিখেছে।”

এবার চার ম্যাচেই ওমান বড় ব্যবধানে হেরেছে। জিম্বাবুয়ে (৮ উইকেটে), শ্রীলঙ্কা (১০৫ রানে), আয়ারল্যান্ড (৯৬ রানে) ও অস্ট্রেলিয়ার বিপক্ষে (৯ উইকেটে)।

এর আগে, ২০২৪ আসরে চার ম্যাচের সবকটিতে ওমান হেরে যায়। একই অভিজ্ঞতা হলো তাদের এবারের আসরেও।

বিডি-প্রতিদিন/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews