দ্রুত সময়ের মধ্যে শাপলা চত্বরের গণহত্যার বিচার, ঘোষিত ১৩ দফা বাস্তবায়ন ও হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শাপলা চত্বরের গণহত্যার খুনিদের বিচার করতে হবে। ৫ মে মতিঝিলস্থ শাপলা চত্বর গণহত্যার দ্রুত বিচারের দাবিতে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী দলের উদ্যোগে আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব দাবি জানান।

বাংলাদেশ খেলাফত আন্দোলন: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হযরত মহানবী (সা.) এর বিরুদ্ধে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের অবরোধ কর্মসূচিতে আওয়ামী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নবী প্রেমিকদের উপর চালানো গণহত্যার দ্রুত বিচার দাবি করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, ৫ মে শহীদ দিবস ঘোষণা করতে হবে। শাপলা গণহত্যার দায়ে অভিযুক্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সাবেক আইজিপি, বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল, ডিআইজি, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অর্থায়নকারী ও সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আবার কঠিন কর্মসূচি আসতে পারে। শাপলা শহীদদের রক্তের বদলা না নিয়ে আমরা রাজপথ ছাড়বো না।

মঙ্গলবার (৫ মে) বিকেলে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে শাপলা গণহত্যার দ্রুত বিচার ও হেফাজত ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিল-পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি ইলিয়াস মাদারীপুরী, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আবুল হাসান কাসেমী, মাওলানা সাজিদুর রহমান ফয়েজী, মুফতী ফয়জুল্লাহ বিন মুখতার, মুফতি আখতারুজ্জামান আশরাফী। পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

হেফাজত ঢাকা জেলা উত্তর: শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার দ্রুত বিচার, আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ১৩ দফা বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার সাভারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজত ঢাকা জেলা উত্তর। সাভারের হেমায়েতপুরে ঢাকা আরিচা মহাসড়কে অনুষ্ঠিত এই বিক্ষোভে সভাপতির বক্তব্যে হেফাজত ঢাকা জেলা উত্তরের সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত শাপলার গণহত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এখনো সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশের জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, শাপলা হত্যাকা-ে জড়িত খুনিদের অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মুফতি আবদুল্লাহ ফিরোজী এবং মুফতি মাহমুদ হাসান হাবিবীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, হেফাজত ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মুফতি আলী আশরাফ তৈয়ব, মুফতি আব্দুল বারী, মাওলানা আব্দুল ওয়াহহাব, মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি মাহমুদুল হাসান মুরতাজা, মুফতি ইবরাহীম নাঈম, মাওলানা ফয়জুল্লাহ আজমী। পরে মিছিল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর নেতৃত্বে বিশাল মিছিল বের করা হয়।

বাংলাদেশ খেলাফত আন্দোলন (আবু জাফর): বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরিয়ত আল্লামা আবু জাফর কাসেমী বলেছেন, বিগত ১৩ বছরেও শাপলা চত্বর হত্যাকান্ডের কোন বিচার হয়নি। আমরা বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমানের নিকট অবিলম্বে এ গণহত্যার সুষ্ঠু বিচার দাবী করছি। দ্রুত সময়ের মধ্যে শাপলা চত্বরের গণহত্যার বিচার, ঘোষিত ১৩ দফা বাস্তবায়ন ও হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। আজ মঙ্গলবার মতিঝিল শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবীতে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন, নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম কাসেমী, মাওলানা ইবরাহীম বিন আলী, মুফতি আসাদুল্লাহ জাকির, মাওলানা তোফায়েল আহমাদ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মুহাম্মদুল্লাহ, যুব আন্দোলন নেতা মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা ও মাওলানা আশিকুর রহমান।

খেলাফত মজলিস: শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত নারকীয় হত্যাকা-ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। একযুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে চলমান রয়েছে। আমাদের দাবি, তদন্ত দ্রুত শেষ করে অপরাধীদের বিচার শুরু করতে হবে।

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, শাপলার শহীদদের খুনিদের বিচার করে দেশের বৃহত্তর ইসলামপন্থি জনতার হৃদয়ের আকাঙ্খার বাস্তবায়ন করতে হবে। শাপলার নির্মম ঘটনার সঙ্গে জড়িত সকল খুনি ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সোমবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানা শাখার উদ্যোগে থানা তৃণমূল দায়িত্বশীল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গেন্ডারিয়া থানা শাখা সভাপতি হাজী মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাকিম মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মুফতি আব্দুল আহাদসহ থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইসলামী ঐক্যজোট: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকীব আজ মঙ্গলবার এক বিবৃতিতে শাপলা চত্বর গণহত্যার দ্রুত বিচার এবং আলেম ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে এ কলঙ্কিত হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেন।

হেফাজতে ইসলাম লালবাগ জোন: শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতরা কেবল ইসলামেরই নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বেরও ঘোরতর শত্রু। এই খুনিদের অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে। আজ রাজধানীর লালবাগে হাজী আব্দুল আলীম ঈদগাহ মাঠে (ঐতিহাসিক আজাদ মাঠ) হেফাজতে ইসলাম লালবাগ জোনের সভাপতি মাওলানা জুবায়ের আহমদের সভাপতিত্বে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।

এতে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মুফতী শরিফুল্লাহ, মুফতি বশিরুল হাসান খাদিমানী।

বাংলাদেশ খেলাফত মজলিস: ২০১৩ সালের এই দিনে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে ‘ভয়াল ও বেদনাবিধুর’ হিসেবে উল্লেখ করে বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, ২০১৩ সালের এই দিনে একটি শান্তিপূর্ণ গণআন্দোলন নির্মম দমন-পীড়নের শিকার হয় এবং অসংখ্য নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর। তিনি লেখেন, ‘সে রাতের স্মৃতি এখনও জাতির হৃদয়ে দগদগে ক্ষত হয়ে আছে এবং এই অধ্যায় ভুলে যাওয়ার নয়। বরং এটি জাতিকে দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews