নতুন রূপে পুরনো মুখ। ফের নির্বাচক প্যানেলে হাবিবুল বাশার সুমন। তবে এবার দায়িত্বটা আরেকটু বেশি, বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন তিনি।

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি চুক্তি নবায়ন করতে চাইছেন না তিনি।

এরপর থেকে নতুন প্রধান নির্বাচক খুঁজছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারকে সুমনকে নিয়ে।

শেষ পর্যন্ত নতুন প্রধান নির্বাচক হিসেবে তাকেই নিয়োগ দিয়েছে বিসিবি। যদিও এই নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনো আসেনি, তবে ক্রিকেটপাড়ায় রটে গেছে এর মাঝেই।

হাবিবুল বাশার ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এরপর নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ালেও ছিলেন বিসিবির সাথেই।

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে এবার তিনি ফিরছেন সেই পুরনো দায়িত্বেই।

এদিকে বিসিবি নির্বাচনের সময় নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান আব্দুর রাজ্জাক। তার জায়গাটিও এতদিন ছিল শূন্য। এবার সে জায়গায় আসছেন নাইম ইসলাম।

নাইম দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে সুনামের সাথে খেলেছেন। প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি; সব ধরনের ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে তার। ক্রিকেটারদের সাথে আছে ভালো সম্পর্কও।

অবশ্য তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বেশ কয়েকজন। জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, নাদিফ চৌধুরীরাও ছিলেন এই পদে চাকরি প্রত্যাশী। তবে বিসিবি বেছে নিয়েছে নাইমকেই।

হাবিবুল বাশার সুমন, নাইম ইসলাম ছাড়া নির্বাচক প্যানেলের অন্য সদস্য হলেন হাসিবুল হাসান শান্ত। পুরনোদের মাঝে একমাত্র তিনিই থাকছেন এই দায়িত্বে।

উল্লেখ্য, গত ১ মার্চ দু’জন নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিবি। যেখানে শর্ত হিসেবে আগ্রহী প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণি অথবা লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে বলে জানায় বোর্ড।

সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে ১৬ জন সাবেক ক্রিকেটার নির্বাচক হওয়ার জন্য আবেদন করেন। গত ৮ মার্চ ছিল আবেদনের শেষ সময়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে সংখ্যাটা আরো কমে যায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews