উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: সাজেদুল করিম এবং উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: মাহবুবুর রশিদ।

পতাকা উত্তোলনের পর বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবন-১ এর সামনে এসে সমাপ্ত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

কেক কাটার পূর্বে আয়োজিত সমাবেশে ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: সাজেদুল করিম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘আজ সত্যিই আমাদের জন্য আনন্দের দিন। আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ৩৬ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যাদের অক্লান্ত প্রচেষ্টা ও আত্মত্যাগের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সম্ভব হয়েছে, আমি তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’

তিনি আরো বলেন, ‘৫ আগস্টের পর যে পরিবর্তন এসেছে, আমি মনে করি তাদের হাত ধরে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে, সবার সার্বিক সহযোগিতায়-বিশেষ করে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের সারিতে থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা, ভোট প্রদান এবং নিরাপদে ফিরে যাবার ব্যবস্থা নিশ্চিত করেছেন। উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এই সুন্দর পরিবেশে যারা নির্বাচিত হয়েছেন, তাদের নেতৃত্বে আমাদের দেশ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের শিখরে পৌঁছাবে।’

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ধারাবাহিকতায় আমরা যারা এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছি, সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। আমাদের শিক্ষার্থীরা দেশে-বিদেশে যেখানেই অবস্থান করুক না কেনো, তারা দেশের সুনাম বৃদ্ধি করবে এবং বিশ্ববিদ্যালয়ের গর্বিত দূত হিসেবে ভূমিকা রাখবে-এই প্রত্যাশা করছি।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে ভালো রাখার মাধ্যমেই আমরা ভালো থাকব-এই হোক আজকের দিনের অঙ্গীকার।’

এছাড়া সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: নিজাম উদ্দিন এবং মেডিক্যাল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. আহমদ কবীর। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী, উদযাপন কমিটির সদস্য সচিব অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews