রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে বিএসটিআইয়ের পরীক্ষণ ও প্রয়োজনীয় অনুমোদন (ছাড়পত্র) ছাড়া নিম্নমানের শিশু খাদ্য ও কসমেটিক বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিএসটিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে আলমাস সুপার শপে বিএসটিআইয়ের পরীক্ষণ ও ছাড়পত্রবিহীন নিম্নমানের শিশু খাদ্য, যেমন চকলেট, ফ্লেভার ড্রিংস, গুঁড়া দুধসহ বিভিন্ন পণ্য এবং কসমেটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
একই অভিযানে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান সোফিয়াস বিউটি হাউসের বিরুদ্ধে নিম্নমানের কসমেটিক বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। বিএসটিআইয়ের পক্ষে অভিযানে দায়িত্ব পালন করেন মো. সাফায়েত হোসেন। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তা আহসান হাবিব খান সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।
বিএসটিআই জানায়, ভোক্তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে দেশব্যাপী নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে কেনাকাটার সময় ভোক্তাদের বিএসটিআই অনুমোদিত ও মানসম্পন্ন পণ্য কেনার আহ্বান জানানো হয়েছে।