কুমিল্লায় বুলেট বৈরাগী নামে এক কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত লাশ মহাসড়কের পাশ থেকে উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে আইরিশ হোটেলের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। চাকরির সুবাদে তিনি কুমিল্লার রাজগঞ্জ পানপট্টিতে ভাড়া বাসায় থাকতেন। তার ৯ মাস বয়সি একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের মা নীলিমা বৈরাগী জানান, বুলেট বৈরাগী তার একমাত্র ছেলে। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন তিনি। রাত আড়াইটার দিকে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। সে সময় তিনি পদুয়ার বাজার এলাকায় নেমে রাজগঞ্জের বাসায় যাওয়ার কথা জানিয়েছিলেন। পরিবারের দাবি, রাত আড়াইটার পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে শনিবার সকালে বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মহাসড়কের আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে। দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নিখোঁজের বিষয়ে পরিবার জিডি করেছিল। লাশ উদ্ধারের পর স্বজনরা শনাক্ত করেন। মুখে রক্তের দাগ দেখা গেছে, শরীরে আর কোথাও আঘাতের চিহ্ন নেই। বিষয়টি তদন্ত করা হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews