নীলফামারীর জলঢাকায় ট্রাকের চাকা বিস্ফোরণে অটোচালক আব্দুল মজিদের (৫০) মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় অটোতে থাকা দুই যাত্রী। তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অটোচালক মজিদ উপজেলার ক্লাবেরপাড় এলাকার ব্রোমোত্তর এলাকার বাসিন্দা আজিজার রহমানের ছেলে। বৃহস্পতিবার সকালে ডোমার-ডিমলা সড়কের দুন্দিবাড়ি সাইটেরপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ট ২৪-১২৯০ নম্বরের একটি ট্রাকের পেছনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে পাশ দিয়ে যাওয়া একটি অটো উল্টে যায়। এ সময় অটোর চালক ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা হন।
দুর্ঘটনার আহত হয় অটোতে থাকা শিশু স্নেহা (১২) ও রিহান (১৫)। তাদের বাবা মোজাহার হোসেন। দুর্ঘটনায় স্নেহার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অটোতে থাকা শিশুদের মা রেবা বেগম অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে আছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি