ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য এবং নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১০ জুন) দিবাগত রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, জাতীয় সংসদের অধিবেশন শেষে রাতের খাবার গ্রহণ করে বিশ্রামে যান তিনি। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
এ সময় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম তার সাথে উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ আব্দুস সাত্তারের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।