কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ডিপফেক বা বিকৃত কন্টেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। নিজের অনুমতি ছাড়া তার অবয়ব ও পরিচয় ব্যবহার করে কোনো কন্টেন্ট তৈরি বা প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ম্রুণাল জানান, তার অবয়ব ব্যবহার করে ডিপফেক কন্টেন্ট তৈরি বা শেয়ার করা বেআইনি এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি এটিকে অপব্যবহারকারীদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা উল্লেখ করে বলেন, ‘আমার অবয়ব ব্যবহার করে ডিপফেক কন্টেন্ট তৈরি বা শেয়ার করা বেআইনি ও অগ্রহণযোগ্য। এই ঘোষণাকে অবিলম্বে অপকর্ম বন্ধ করার আনুষ্ঠানিক নোটিশ হিসেবে বিবেচনা করুন। আমার পরিচয়ের আর কোনো অপব্যবহার হলে এবার সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সম্প্রতি এআই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিত্ব ও পরিচয়ের অপব্যবহার ঠেকাতে ভারতের অনেক অভিনয়শিল্পী আদালতের শরণাপন্ন হয়েছেন। অনুমতি ছাড়া প্রযুক্তির এই ব্যবহারে লাগাম টানতে ইতোমধ্যে আইনি পথ বেছে নিয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান এবং সুনীল শেঠির মতো তারকারা।

এর আগে ডিপফেক প্রযুক্তির শিকার হয়ে সামাজিক মাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভুয়া ছবি-ভিডিও বানিয়ে নারীদের হেনস্তার ঘটনায় তিনি প্রযুক্তির অপব্যবহারের তীব্র সমালোচনা করেন এবং কঠোর শাস্তির দাবি জানান। পরে রাশমিকার ডিপফেক ভিডিও ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews