বিনোদন ডেস্ক :
বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত এবার প্রথমবারের মতো কুইজ শোর সঞ্চালকের ভূমিকায় আসছেন। তবে হিন্দি নয়, মারাঠি সংস্করণের ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে (কেবিসি) সঞ্চালকের আসনে দেখা যাবে তাকে।
এর আগে মারাঠি ‘কেবিসি’ সঞ্চালনা করেছেন স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলে। এবার প্রথম কোনো নারী সঞ্চালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন মাধুরী।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দায়িত্বের কথা জানিয়ে মাধুরী বলেন, এটি তার জীবনের নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করলেও কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম দেখা যাবে তাকে।
তবে পুরো কেবিসি ফ্র্যাঞ্চাইজিতে মাধুরী প্রথম নারী সঞ্চালক নন। এর আগে তামিল সংস্করণ সঞ্চালনা করেছেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।