লক্ষ্মীপুরে বেপরোয়া গতির একটি ড্রামট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।

নিহত রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চবিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি দ্রুতগতির ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে তার হাত, পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই ও সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরীর বরাত দিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ড্রামট্রাকের চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ছাত্রদল নেতা রুবেল মারা গেছেন। তার মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জেনেছি। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews