দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হাটখোলা এলাকার একজন সংগ্রামী নারী রওশন আরা। দারিদ্র্য যেন তার নিত্যসঙ্গী। তবুও জীবন থেমে থাকে না। ছোট্ট একটি পানের দোকানই তার একমাত্র ভরসা-সেই দোকানের আয়ে কোনোরকমে চলে সংসার। পুঁজি ফুরিয়ে গেলে মানুষের কাছে ধার করে আবারও নতুন করে শুরু করেন সংগ্রাম। অনেক দিন ঘরে চাল না থাকলে দ্বারে দ্বারে ঘুরে চাল সংগ্রহ করতে হয়। স্বামী বহু আগেই না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন, তারপর থেকেই একা কাঁধে জীবনের সমস্ত বোঝা বয়ে চলেছেন তিনি।
তার এই কষ্টের গল্প জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে রওশন আরার হাতে তুলে দেওয়া হয়- ২৫ কেজি চাল, ২০ কেজি আলু, ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ১ কেজি তেল ও ১ কেজি লবণসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত রওশন আরা বলেন, “অনেক দিন পর এত খাবার একসঙ্গে পেলাম। আল্লাহ আপনাদের ভালো রাখুক।”
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মোস্তাকিম আল হাসনাত, সাধারণ সম্পাদক শাহারিয়া সরকার, কার্যকরী সদস্য নাজমুল ইসলাম, সিরাজুল ইসলাম, ডালিম রায়সহ অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়াও স্থানীয় বাসিন্দা ওয়াজেদ আলী ও তারেক সরকার উপস্থিত থেকে এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই বসুন্ধরা শুভসংঘের মূল লক্ষ্য। মানবতার এই বন্ধন আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সামান্য সহায়তাও একজন অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। রওশন আরার মতো আরও অনেক মানুষ আমাদের আশেপাশেই আছেন- তাদের পাশে দাঁড়ানোই হোক আমাদের মানবিক দায়িত্ব।
বিডি-প্রতিদিন/তানিয়া