কারও চোখে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় অঘটন। কেউ বলছেন, এই হার অত্যন্ত লজ্জার। কেউ আবার একটু ভদ্রস্থ ভাষায় বলেছেন, এ হার অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য বিব্রতকর। দু-একজন আবার সরাসরি প্রশ্ন তুলেছেন, অস্ট্রেলিয়া কি টেস্ট খেলতে ভুলে গেল? কোন হার নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক থেকে সাধারণ মানুষ এসব কথা বলছেন, তা না বললেও চলে। ডারউইনে গত রোববার টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। সন্দেহ নেই, এই ফলটা অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য বড় ধাক্কার। সেটা হজম করতে না পেরে অনেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের তীব্র সমালোচনা করতে গিয়ে অজান্তেই বাংলাদেশ দলের অর্জনটাকে কি ছোট করছেন?
অস্ট্রেলিয়া দলের সাবেক ব্যাটসম্যান উসমান খাজা তেমনই মনে করেন। নিজের ফেসবুক পেজে এ নিয়ে আজ একটি ভিডিও প্রকাশ করেন ৩৯ বছর বয়সী খাজা। সেখানে বলেছেন, ‘আমি কিছু শিরোনাম ও মানুষের নানা কথা দেখেছি। এর মধ্যে একটা কথা আমাকে বেশ বিরক্ত করেছে- অনেকেই বলছেন অস্ট্রেলিয়ার এই হার লজ্জাজনক বা অপমানের। এটা টেস্ট ক্রিকেট। এখানে তো দুই দলেরই জয়ের সুযোগ থাকে, তাই নয় কি? খেলার মূল কথাই তো এটি।’ খাজা এরপর স্পষ্ট করে বলেন, ‘আমি জানি, আমরা বিশ্বের এক নম্বর দল এবং আমাদের জেতারই কথা ছিল। কিন্তু “লজ্জাজনক” বা “অপমানজনক” শব্দগুলো ব্যবহার করা মানে বাংলাদেশকে অসম্মান করা। শুরু থেকে শেষ পর্যন্ত তারা অস্ট্রেলিয়াকে পাত্তা দেয়নি। তাদের পিঠ চাপড়ে শাবাশ বলা উচিত এবং পরের ম্যাচে মনোযোগ দেওয়া উচিত।’
অস্ট্রেলিয়ার হয়ে ৮৮ টেস্ট ও ৪০ ওয়ানডে খেলা খাজা চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন। এখনো অবশ্য ঘরোয়া ক্রিকেট খেলছেন। বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে খাজা বলেন, ‘মানুষ কেন এভাবে তাদের অসম্মান করছে, আমি সত্যিই বুঝতে পারছি না। আমি তাদের শুধু বলতে চাই অভিনন্দন। সেরা দল জিতেছে।’ খাজা এরপর অস্ট্রেলিয়া দল নিয়ে বলেন, ‘আমার এখনো মনে হয়, নিজেদের ছন্দে খেলতে পারলে সামগ্রিকভাবে অস্ট্রেলিয়াই শ্রেয়তর দল। আশা করি, পরের টেস্ট ম্যাচেই আমরা সেটি দেখতে পাব, যদিও কে জানে কী হবে!’ ভিডিওর শেষ অংশে সমালোচকদের সমালোচনা করে খাজা বলেন, ‘সবশেষে এই অস্ট্রেলিয়া দল নিয়ে বলি। এখন কী হবে? তারা কী ধরনের পরিবর্তন আনবে? আপনারা কত দ্রুতই না মত বদলে ফেলেন। এক বছর আগেও ব্যাটিং লাইনআপ, ওপেনারসহ সবকিছু নিয়ে কত প্রশংসাই-না করেছেন। এসব দেখে আমার কেবলই হাসি পায়।’
এখানেই শেষ নয়। ডারউইন টেস্টে ৯ উইকেটে বাংলাদেশের সে জয়ের অনেক রকম প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়া জাতীয় দলের তীব্র সমালোচনা চলছে। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। পাশাপাশি বাংলাদেশ দল নিয়ে অস্ট্রেলিয়ান সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহও বেশ বেড়েছে। সে জন্যই দ্বিতীয় টেস্টে প্রথম দিনের সব সাধারণ টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। ম্যাকাইয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় আগামী শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এই টেস্টে প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে বলা হয়েছে, ‘এনআরএমএ ইনস্যুরেন্স ম্যাকাই টেস্টে প্রথম দিনের সাধারণ টিকিট সব বিক্রি হয়ে গেছে।’
বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। এই স্টেডিয়ামের আসনসংখ্যা ১০ হাজার। ডারউইনে হারের পর সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়ার জন্য ম্যাকাই টেস্ট এখন খুব গুরুত্বপূর্ণ। ম্যাচটি নিয়ে অস্ট্রেলিয়ানদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হওয়াই স্বাভাবিক। দ্বিতীয় থেকে চতুর্থ দিনের টিকিট এখনো পাওয়া যাচ্ছে। তবে অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সাময়িকী ‘দ্য ইন্ডিয়ান সান’ জানিয়েছে, ম্যাকাই টেস্টে দ্বিতীয় দিনের সব টিকিট বিক্রিও শেষ হওয়ার পথে। ক্রিকেট অস্ট্রেলিয়ার বরাত দিয়ে সাময়িকীটি জানায়, প্রথম দিনে সাধারণ আসনের সব টিকিট বিক্রি শেষ, সেই সঙ্গে ওই দিনের করপোরেট হসপিটালিটি প্যাকেজগুলোর বিক্রি সম্পন্ন হয়েছে। তবে পরবর্তী দিনগুলোর টিকিট এখনো পাওয়া যাচ্ছে এবং দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে।
কুইন্সল্যান্ড রাজ্যের শহর ম্যাকাই প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন বিনোদনমূলক আয়োজন এবং মাছ ধরার জন্য বিখ্যাত। এই শহরে টেস্ট খেলতে যাওয়ার আগে ডারউইনে অস্ট্রেলিয়াকে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছে বাংলাদেশ। চার দিনে সব সেশনেই দাপট দেখিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় নাজমুল হোসেন শান্তর দল। ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে ক্রিকেট-বিশ্বের প্রশংসাও কুড়াচ্ছে বাংলাদেশ।
ম্যাকাইয়ে আগামী শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের এ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews