কথা সাহিত্যিক, গবেষক ও ঔপন্যাসিক ড. আবদুন নূর বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য নিউইয়র্কে অনুষ্ঠানরত ‘৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা’র ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেয়েছেন। 

২৪ মে রবিবার সন্ধ্যায় বইমেলার মূলমঞ্চে নগদ তিন হাজার ডলার-সহ এই সম্মাননা ক্রেস্ট ড. আব্দুন নূরকে প্রদান করেন বইমেলার আয়োজক কমিটির আহ্বায়ক ড. নজরুল ইসলাম এবং জিএফবি গ্রুপের চেয়ারপার্সন গোলাম ফারুক ভূঁইয়া। 

উল্লেখ্য, বেশ ক’বছর আগে সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে এই পুরস্কার প্রবর্তন করেছে ‘আন্তর্জাতিক বইমেলা’ কমিটি এবং তার পুরো অর্থ প্রদান করছে নিউজার্সিভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান জিএফবি গ্রুপ। 

আরও উল্লেখ্য, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে অবসর গ্রহণকারি ৮৭ বছর বয়েসী ড. আব্দুন নূর গত বছরের ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘আজীবন সম্মাননা’ পদক লাভ করেছিলেন। যেটি এবছর পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও অধ্যাপক রেহমান সোবহান। ড. আব্দুন নূর ওয়াশিংটন ডিসিতে দীর্ঘ সময় বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ হিসেবে যুক্ত থাকলেও, ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকাল থেকেই লেখালেখির সাথে যুক্ত আছেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে 'প্যাগাসাস', 'শূন্যবৃত্ত', 'বিচলিত সময়', 'ঢাকা শহর ঘিরে' এবং 'চার দেয়াল'। তাঁর উপন্যাসগুলোতে প্রবাসে বাঙালির আত্মপরিচয়ের সংগ্রাম এবং ব্রিটিশ আমলে চুক্তিবদ্ধ দাস প্রথা ও বাঙালিদের জীবনযাত্রার ইতিহাস বিস্তারিতভাবে উপস্থাপিত হওয়ায় মানবাধিকারের প্রশ্নটি জোরালোভাবে সামনে এসেছিল। 

চারদিনব্যাপী এই আন্তর্জাতিক বইমেলার তৃতীয় রজনীতে ‘মুক্তধারা স্মারক বক্তব্য উপস্থাপন করেন খ্যাতনামা লেখক-সাহিত্যিক-নাট্যকার ও সাংবাদিক ইমদাদুল হক মিলন। এ সময় তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে লালন এবং বিকাশে বাঙালি প্রবাসীদের অদম্য আকাঙ্খার ধারাবিবরণী কালে উল্লেখ করেন, ৩৫ বছর ধরে নিউইয়র্কের এই বইমেলা সকল প্রবাসীকে একই ছাতার নীচে একত্রিত রেখেছে-এটি অত্যন্ত গৌরবের ব্যাপার। তবে আমি আশা করছি বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস প্রজন্ম যাতে ধারণ করতে সক্ষম হয় সেজন্যে ভালো বইগুলো ইংরেজিতে অনুবাদ করা দরকার। তা না হলে ক্রমান্বয়ে বাংলা সংস্কৃতি বহুজাতিক সমাজে হারিয়ে যাবার আশংকা প্রবল হবে।

দ্বিতীয় এবং তৃতীয় দিন অবিরত ধারায় বৃষ্টি চললেও আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি পর্বে উপস্থিতিতে কমতি ছিল না। নতুন প্রজন্মের অংশগ্রহণে নাচ ও গানের অনুষ্ঠানও ছিল জমজমাট। ‘প্রবাস জীবন-বাঙালিকে দিয়েছে বাণিজ্যিকতা, কেড়ে নিয়ে আন্তরিকতা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারিরা দারুন মুন্সিয়ানার মধ্যদিয়ে  প্রবাস-জীবনের আনন্দ-বেদনাকে উপস্থাপন করেন। হাসি-ঠাট্টার বক্তব্য, আক্রমণ-পাল্টা আক্রমণের আবগে উপস্থিত সকলেই দারুনভাবে উপভোগ করেন আশাহত হবার ঘটণাবলির মধ্যে। এই বিতর্কে অংশ নেন (বিপক্ষে )ড. বিরুপাক্ষ পাল, বাবু কামরুজ্জামান এবং নাজনীন আহমেদ। পক্ষে ছিলেন কাবেরি মৈত্রেয়, শামীম রেজা ও মোহাম্মদ নাকিবউদ্দিন।

‘হৃদয়ে রবীন্দ্রনাথ ও চেতনায় নজরুল’ শীর্ষক নৃত্যানুষ্ঠানে ছোট্টমনিরা পুরো অডিটরিয়ামকে তন্ময় করে রেখেছিল। ‘আড্ডা’ নামক একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এবং আল্পনা গুহ ও সুমিত্রা সেনের পরিকল্পনায় এ নৃত্যানুষ্ঠান রবীন্দ্রনাথ আর কাজী নজরুলকে প্রাণবন্ত করেছিল সুধীজনের সামনে। 

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews