বাংলাদেশের দুই তারকা তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসানের দারুণ পারফরম্যান্সে ভর করে লঙ্কান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে জাফনা কিংস। পাঁচ ছক্কায় বিধ্বংসী ফিফটি করেছেন হৃদয়, সাকিব পেয়েছেন উইকেটের দেখা।

প্রথম কোয়ালিফায়ারে গল গ্যালান্টসকে ১৪ রানে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা নিশ্চিত করেছে দলটি। আগে ব্যাট করে ২ উইকেটে ২৪২ রানের রেকর্ড সংগ্রহ গড়ে জাফনা। জবাবে গল গ্যালান্টস ২০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান তুলেই থেমে যায়।

বুধবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গল গ্যালান্টস। সুযোগটা দারুণভাবে কাজে লাগায় জাফনা। ওপেনার কামিল মিশারা ও খাওয়াজা নাফের ব্যাটে শুরু থেকেই চাপে পড়ে গলের বোলাররা।

আভিষকা ফার্নান্দো ১৯ রান করে ফিরলেও দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন মিশারা ও নাফে। নাফে ৩২ বলে ৫৪ রান করে বিদায় নেন আর মিশারা ৫৫ বলে ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

তবে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন তাওহীদ হৃদয়। ১৭৩ রানে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এই বাংলাদেশী ব্যাটার। ২০ বলেই ফিফটি পূর্ণ করার পর শেষ পর্যন্ত মাত্র ২১ বলে ৩ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল ২৫৭.১৪।

১৫ ওভার শেষে জাফনার সংগ্রহ ছিল ১৭১/১। এরপর শেষ পাঁচ ওভারে দলটি যোগ করে আরো ৭১ রান। এর মাঝে শেষ ওভারেই প্রতিপক্ষ অধিনায়ক দাসুন শানাকার কাছ থেকে দুই চার ও দুই ছক্কায় ২২ রান আদায় করেন হৃদয়।

তার ঝড়ো ইনিংসেই এলপিএলে নিজেদের সর্বোচ্চ ২৪২ রানের সংগ্রহ গড়ে জাফনা কিংস।

২৪৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গল গ্যালান্টসও পাল্টা লড়াই চালায়। ওপেনার স্যাম হার্পার সর্বোচ্চ ৪৪ রান করেন, আর চামিকা করুনারত্নে ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে লক্ষ্য থেকে ১৪ রান দূরেই থেমে যায় তাদের ইনিংস।

বল হাতে সাকিব আল হাসান কিছুটা খরুচে হলেও গুরুত্বপূর্ণ সময়ে চামিকা করুনারত্নেকে ফিরিয়ে জাফনার ম্যাচে ফেরার পথ সহজ করেন। তিনি ৩ ওভারে ৩৬ রান দিয়ে নেন ১ উইকেট। মোহাম্মদ সিরাজ ৩টি ও লিজাড উইলিয়ামস ২টি উইকেট শিকার করেন।

চলতি এলপিএলে চার ইনিংসে এটি হৃদয়ের তৃতীয় অপরাজিত ইনিংস। ধারাবাহিক দুর্দান্ত ব্যাটিংয়ে জাফনার মিডল অর্ডারের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন তিনি। আর এই জয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে জাফনা কিংস।

অন্যদিকে গল গ্যালান্টসের সামনে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকছে দ্বিতীয় কোয়ালিফায়ারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews