অনলাইনে সহজে আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি আত্মসাৎকারী প্রতারক চক্রের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম হারুন অর রশিদ (২৯)। সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) জানায়, তাকে রবিবার বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় আটক করা হয়। প্রতারক চক্রটি সমাজমাধ্যমে ‘অনলাইন টাস্ক’ সম্পন্ন করে সহজে আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে টার্গেট করত। শুরুতে ছোট ছোট কাজের বিনিময়ে সামান্য অর্থ দিয়ে ভুক্তভোগীদের আস্থা অর্জন করা হতো। পরে অধিক লাভের আশ্বাস দিয়ে বড় অঙ্কের বিনিয়োগে বাধ্য করা হতো এবং বিভিন্ন মোবাইল আর্থিক সেবা ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ গ্রহণ করা হতো। এভাবে চক্রটি ৪টি মোবাইল আর্থিক সেবা নম্বর এবং ৯টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ভুক্তভোগীর কাছ থেকে মোট ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৩০৫ টাকা আত্মসাৎ করে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিআইডি প্রাথমিক যাচাই শেষে মামলার পরামর্শ দেয়। পরে গত বছরের ২১ মে লালবাগ থানায় মামলাটি করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, তদন্তে ব্যাংক হিসাব বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তিগত অনুসন্ধান এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। তাদের বিদেশগমন ঠেকাতে আদালতের মাধ্যমে পাসপোর্ট জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তীতে মালয়েশিয়া থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরে হারুন অর রশিদকে আটক করা হয়। পরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন এবং চক্রের আরও কয়েকজন সদস্যের তথ্য দিয়েছেন।