প্রথমবারের মতো হোয়াইট হাউসে পা রেখেছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার মেসিসহ তার দল ইন্টার মায়ামিকে আতিথ্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
গত ডিসেম্বরে প্রথমবারের মতো মেজর লিগ সকারের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। এই ঐতিহাসিক সাফল্য উদযাপনের অংশ হিসেবে হোয়াইট হাউসে আমন্ত্রণ পায় দলটি।
সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভবনে যায় ইন্টার মায়ামি দল।
সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সংবর্ধনা পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
আর এই জমকালো আয়োজনের মধ্য দিয়েই জীবনে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে পা রাখলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।
সাক্ষাৎকালে ট্রাম্পের হাতে নিজের স্বাক্ষর করা একটি গোলাপি ফুটবল তুলে দেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা। এদিকে মেসিকে স্বাগত জানিয়ে ট্রাম্পও ছিলেন উচ্ছ্বসিত।
মেসিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘এটি আমার জন্য এক বিশেষ সম্মানের বিষয়। আমি আজ এমন কিছু বলতে পারছি, যা আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট বলার সুযোগ পাননি— হোয়াইট হাউসে আপনাকে স্বাগতম, লিওনেল মেসি।’
ভুল বলেননি ট্রাম্প। এর আগে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউজে যাওয়ার একাধিক আমন্ত্রণ বিনয়ের সাথে এড়িয়ে গিয়েছিলেন মেসি।
এমনকি ২০২৫ সালের জানুয়ারিতে বাইডেনের দেয়া ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ গ্রহণের আমন্ত্রণও সময়সূচির অজুহাতে প্রত্যাখ্যান করেছিলেন মেসি।
তবে ট্রাম্পের আবেদন প্রত্যাখান করতে পারেননি মেসি। মেসিকে স্বাগত জানানোর পাশাপাশি ট্রাম্প জানান, তার ছেলে মেসির অনেক বড় ভক্ত। সে মেসিকে একজন অসাধারণ খেলোয়াড় ও মানুষ হিসেবে সম্মান করে।
রোমাঞ্চকর এই আয়োজনে লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল, তাদেও আলেন্দেসহ মায়ামির পুরো দল উপস্থিত ছিল। যেখানে ট্রাম্প দলটিকে তার কার্যালয় ওভাল অফিসেও আমন্ত্রণ জানান।
এ সময় দলের পক্ষ থেকে ইন্টার মিয়ামির সহ-মালিক হোর্হে মাস ও দলের হেড কোচ হাভিয়ের মাসচেরানো প্রেসিডেন্টের হাতে তুলে দেন ইন্টার মায়ামির একটি জার্সি ও একটি ঘড়ি।