বলিউডের কিং খান শাহরুখ খান—যার চোখের চাহনিতে একসময় প্রেমে পড়েছিল অগণিত দর্শক। তবে গত কয়েক বছরে সেই রোমান্টিক ইমেজ যেন আড়ালে পড়ে যায় অ্যাকশনধর্মী সিনেমার ভিড়ে। ভক্তদের মনে তাই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—কবে আবার ফিরবেন সেই চিরচেনা প্রেমিক শাহরুখ?
অবশেষে মিলছে সেই প্রত্যাশার ইঙ্গিত। প্রায় এক দশক পর আবারও প্রেমের গল্পে ফিরতে যাচ্ছেন তিনি।অ্যাকশনের গণ্ডি পেরিয়ে আবেগঘন রোমান্সে নতুনভাবে নিজেকে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন এই সুপারস্টার। তার এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
জানা গেছে, ‘কিং’ সিনেমার কাজ শেষ করার পরই বড় বাজেটের একটি রোমান্টিক প্রজেক্টে হাত দেবেন শাহরুখ। ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বক্স অফিস কাঁপালেও সেখানে অ্যাকশনের দাপটই ছিল বেশি। এবার তিনি সম্পূর্ণ ভিন্ন ধারায় হাঁটতে যাচ্ছেন।
এদিকে, নতুন এই সিনেমার জন্য একাধিক নির্মাতা ও লেখকের সঙ্গে আলোচনা করেছেন শাহরুখ। একটি গল্প নাকি তার বিশেষভাবে পছন্দ হয়েছে। শোনা যাচ্ছে, ছবিটি ‘ম্যায় হুঁ না’-এর আবহে তৈরি হতে পারে, এমনকি সেটির সিক্যুয়েল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
এই প্রজেক্ট পরিচালনার দায়িত্ব পেতে পারেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু ও সফল পরিচালক ফারহা খান। টানা অ্যাকশন সিনেমায় কাজ করতে গিয়ে বারবার চোট পাওয়ার কারণে চিকিৎসকরাও তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই শারীরিক চাপ কমাতেই রোমান্টিক ঘরানায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে এটি শুধুই সাধারণ প্রেমের গল্প নয়; বরং পরিণত বয়সের বাস্তবধর্মী একটি প্রেমকাহিনি হতে যাচ্ছে। বড় বাজেটের এই সিনেমায় শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখার সম্ভাবনাও রয়েছে, যা ভক্তদের জন্য বাড়তি চমক।
চিত্রনাট্যের কাজ প্রায় শেষের পথে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর ২০২৭ সালের শুরুতে শুরু হতে পারে বহুল প্রতীক্ষিত এই সিনেমার শুটিং।