নাইজেরিয়ার উত্তর-পূর্বে দিকের একটি গ্রামে রাতভর হামলা চালিয়ে অন্তত ২৯ জনকে হত্যা করেছে জঙ্গিরা। রবিবার (২৬ এপ্রিল) গভীর রাতে দেশটির আদামাওয়া রাজ্যের গুয়াকু গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পরে আইএসআইএস এক টেলিগ্রাম বার্তায় হামলার দায় স্বীকার করেছে।
দেশটির সরকারি সূত্র মতে, জঙ্গিরা কয়েকটি দলে বিভক্ত হয়ে ঘুমিয়ে থাকা গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়, আহত হন আরও অনেকে। আতঙ্কে ছুটোছুটি করে পালানোর চেষ্টা করে গ্রামবাসীরা। হামলার পর কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন আদামাওয়ার গভর্নর আহমাদু উমারু ফিনত্রী। তিনি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে নিন্দা জানিয়েছেন। একই দিনে কোগি রাজ্যের লোকোজায় একটি এতিমখানায় হামলা চালিয়ে ২৩ কিশোরকে অপহরণ করে সশস্ত্র দুর্বৃত্তরা। পরে অভিযান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এ ঘটনার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি এখনো।
উল্লেখ্য, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় নিরাপত্তা সংকট সম্প্রতি আরও তীব্র হয়েছে এবং এতে প্রতিবেশী সাহেল অঞ্চলের অন্যান্য জঙ্গিরাও জড়িত হয়েছে, যার মধ্যে রয়েছে জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন। যারা গত বছর নাইজেরিয়ার মাটিতে তাদের প্রথম হামলার দায় স্বীকার করেছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী, নাইজেরিয়ায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, নাগরিকদের সুরক্ষার জন্য সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। সূত্র: এপি, দ্য হিন্দু
বিডি প্রতিদিন/এএম