নড়াইলের লোহাগড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ সুরাইয়া খানম জোনাকি (২৮) হত্যা মামলার প্রধান আসামিসহ সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করফা চরপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সুরাইয়া খানমের মা আম্বিয়া বেগম, নিহত সুরাইয়ার ভাই জিয়াউর রহমান, হাওয়া বেগম, ৩ নম্বর ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মো: হিসাম উদ্দীন, ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মো: ইমদাদুল হক মল্লিক, মো: জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গত ২ আগস্ট দুপুরে করফা চরপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত স্বামী নির্মাণশ্রমিক জসিম শেখের হাতুড়ির আঘাতে খুন হয় গৃহবধূ সুরাইয়া বেগম। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী জসিম শেখ কৌশলে লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

এ ঘটনায় পরদিন ৩ আগস্ট নিহতের ভাই জিয়াউর রহমান জসিমসহ তার বাবা মোমরেজ শেখ, মা পুতুল বেগম ও খালা পলি বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর পুলিশ মামলার এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেফতার করতে হবে। অন্যথায় থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews