বলিউড অভিনেত্রী মৌনী রায় প্রেম করে সাত পাকে বাঁধা পড়েন ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার সঙ্গে। ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়াতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বাঙালি ও মালায়ালাম রীতিতে হওয়া তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। সেই বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহও ছিল তুঙ্গে। বিয়ের পর প্রায়শই তাদের ছুটি কাটানোর বা উৎসবের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে উঠে আসত।
কিন্তু চার বছরের এ দাম্পত্য নিয়েই এখন শুরু হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে জল্পনা। হঠাৎ করেই বদলে গেছে তাদের সম্পর্কের সমীকরণ। এমনটাই ভাবছিলেন নেটিজেনরা। অবশেষে যা হওয়ার তাই হলো।
গত কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। বেশ কয়েক দিন ধরে চলা জল্পনায় অবশেষে সিলমোহর দিলেন অভিনেত্রী মৌনি রায়। ব্যবসায়ী স্বামী সুরজ নাম্বিয়ার সঙ্গে বিচ্ছেদের খবরটি বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক মাধ্যমে এক যৌথ বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছেন তারা। ব্যক্তিগত জীবন নিয়ে ‘অপ্রয়োজনীয় এবং অনধিকার চর্চা’য় বিরক্তি প্রকাশ করে তারা জানিয়েছেন, পারস্পরিক সম্মতিক্রমেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সামাজিক মাধ্যমে সেই পোস্টে মৌনি ও সুরজ তাদের বিবৃতিতে লিখেছেন— আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সংবাদমাধ্যমের একাংশ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনর্থক চর্চা করছে। আমরা জানাতে চাই— আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বিষয়টি ব্যক্তিগতভাবে ও সৌহার্দপূর্ণভাবে মিটিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।
এই কঠিন সময়ে আমাদের নিয়ে কোনো ভুল তথ্য না ছড়ানোর জন্য এবং তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য অনুরাগী এবং সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়েছেন অভিনেত্রী।
এর আগে বেশ কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি মৌনি রায় ও সুরজ ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন, তাও নেটিজেনদের চোখে পড়েছিল। শুধু তাই নয়, হঠাৎ সুরজ নাম্বিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ‘আনঅ্যাভেলেবল’ হয়ে যাওয়ায় সন্দেহ আরও বাড়তে থাকে। মৌনির প্রোফাইলে বিয়ের সব ছবিও সরিয়ে ফেলা হয়েছিল। অবশেষে নেটিজেনদের ধারণাই সত্যি হলো।