শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচেই নতুন করে চোটের ধাক্কা খেল ভারত। অনুশীলনের সময় ডান হাতের আঙুলে আঘাত পাওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মাঠে নামেননি অধিনায়ক শুভমান গিল।
গিলের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব পালন করছেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল। বৃহস্পতিবার অনুশীলনের সময় চোট পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে প্রথম দিনের খেলা থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, দলের মেডিকেল ইউনিট গিলের শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখছে। তবে তিনি ম্যাচের দ্বিতীয় বা তৃতীয় দিনে খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ।
শুধু গিলই নন, শ্রীলঙ্কা সফরের আগে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটে বিপাকে পড়েছে ভারত। হাঁটুর সমস্যার কারণে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন দলের প্রধান পেসার জশপ্রীত বুমরাহ। এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরিতে হর্শিত রানা এবং কোয়াড্রিসেপসের চোটে নিতীশ কুমার রেড্ডিও দলে নেই। একই ধরনের হ্যামস্ট্রিং সমস্যার কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন
আরও পড়ুন প্রস্তুতি ম্যাচে তাইজুলের চোট

অন্যদিকে, পিঠের স্ট্রেস রিঅ্যাকশন থেকে পুরোপুরি সেরে না ওঠায় এখনো নির্বাচকদের পরিকল্পনার বাইরে রয়েছেন আকাশ দীপ। ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে পায়ের আঙুলে চোট পাওয়া সাই সুদর্শনও এখনো মূল দলে যোগ দিতে পারেননি। তবে প্রথম টেস্ট শুরুর আগেই তার স্কোয়াডে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ চোট পাওয়া খেলোয়াড় হিসেবে এই তালিকায় যুক্ত হয়েছেন অধিনায়ক শুভমান গিল।
সম্প্রতি দলের ধারাবাহিক চোট সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন গিল। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর তিনি বলেন, ম্যাচের দিন কোনো খেলোয়াড় পুরোপুরি ফিট না থাকলে দল নির্বাচন কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পাঁচ বোলার নিয়ে খেলতে নেমে কেউ মাঝপথে চোটে মাঠ ছাড়লে দলের পরিকল্পনা ভেঙে যায়। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দলের ফিটনেস আরও উন্নত করার ওপর জোর দেন ভারতীয় অধিনায়ক।
ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৫ আগস্ট গলে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট কলম্বোতে।