নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৩৮.৪৬ স্ট্রাইক রেটে ১৩ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলে বাংলাদেশের জয়ের বড় অবদান রেখেছেন মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন। দলের প্রয়োজনে আগ্রাসী ক্রিকেট অব্যাহত রাখতে চান তিনি।

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে না হারলেই সিরিজ জিতবে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টির মতো সিরিজের শেষ ম্যাচেও ব্যাট হাতে আবারো জ্বলে উঠতে চান শামীম হোসেন। দলের জন্য আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথা জানালেন তিনি, ‘আমি যখনই ব্যাটিংয়ে নামি, ইতিবাচক চিন্তা নিয়েই খেলতে নামি। ইনিংসের শুরু থেকেই মারতে শুরু করব। আমি যদি আক্রমনাত্মক খেলতে পারলে সেটা দলের জন্য অনেক ভালো হবে।’

তিনি আরো বলেন, ‘আমি সব সময়ই আক্রমণাত্মক খেলার কথা চিন্তা করি। টি-টোয়েন্টিতে সবসময় এভাবেই খেলার চিন্তা করি।’

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সফরকারী নিউজিল্যান্ড। জবাবে ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমন-তাওহিদ হৃদয় ২৮ বলে ৫৭ এবং পঞ্চম উইকেটে হৃদয়ের সাথে ২১ বলে অবিচ্ছিন্ন ৪৯ রান যোগ করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শামীম। ইমন ১৪ বলে ২৮, হৃদয় ২৭ বলে ৫১ রানে এবং শামীম ৩টি চার ও ২টি ছক্কায় ১৩ বলে অপরাজিত ৩১ রান করেন শামীম।

এরমধ্যে ‘নো লুক শটে’ উইকেটের পেছন দিয়ে শামীমের ছক্কা নিয়ে এখনো আলোচনা চলছে। ওই শট ও নিজের আগ্রাসী ইনিংস নিয়ে শামীম বলেন, ‘সত্যি কথা বলতে শটটার নাম আমি জানি না। আর এটা আমি সব সময় নেটে অনুশীলন করি। কারণ যখন ব্যাটিংয়ে নামি, তখন ইম্প্রোভাইজ শট খেলতে খুব পছন্দ করি। ম্যাচে যেভাবে ব্যাটিং করি, সেই ইনটেন্ট ধরে রাখার জন্য অনুশীলনেও এভাবেই খেলি।’

শামীমের ব্যাটিং মন কেড়েছে নিউজিল্যান্ডেরও। তাই তৃতীয় টি-টোয়েন্টিতে শামীমকে নিয়ে আলাদা পরিকল্পনা আছে কিউইদের। দলের ব্যাটার ডিন ফক্সক্রফট বলেন, ‘সে দারুণ ইনিংস খেলেছে। বিশেষ করে শেষ দিকে আমাদের ডেথ বোলারদের ওপর চাপে ফেলেছে। আমাদের অনেকেই আগে তার বিপক্ষে খেলেনি। আমরা তাকে নিয়ে পরিকল্পনা করেছি। আশা করছি কাল শামীমের বিরুদ্ধে ভালো পরিকল্পনা করতে পারব।’

আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews