মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তার মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেসএক্স’ এখন চাঁদে একটি ‘স্বয়ংসম্পূর্ণ শহর’ গড়ে তোলার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। মাস্কের দাবি, আগামী ১০ বছরেরও কম সময়ের মধ্যে এমন একটি শহর নির্মাণ বাস্তবায়নযোগ্য।
ইলন মাস্ক তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রবিবার (৮ ফেব্রুয়ারি) এক পোস্টে লিখেছেন, স্পেসএক্স এখনো পাঁচ থেকে সাত বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ে তোলার সেই দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা ধরে রেখেছে। তবে বর্তমান প্রধান অগ্রাধিকার হলো সভ্যতাকে সুরক্ষিত করা এবং চাঁদে দ্রুত পৌঁছানো।
মাস্কের এই মন্তব্য গত শুক্রবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, স্পেসএক্স বিনিয়োগকারীদের জানিয়েছে, তারা এখন চাঁদকে অগ্রাধিকার দিচ্ছে। মঙ্গল গ্রহে অভিযান ভবিষ্যতের অন্য কোনো সময়ের জন্য তুলে রাখবে।
২০২৭ সালের মার্চ মাসে চাঁদে মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ গত বছর পর্যন্ত মাস্কের লক্ষ্য ছিল ২০২৬ সালের শেষের দিকে মঙ্গল গ্রহে মানববিহীন মিশন পাঠানো।
চলতি দশকের মধ্যে চাঁদে মানুষ ফিরিয়ে নেওয়ার দৌড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের তীব্র প্রতিযোগিতা চলছে। ১৯৭২ সালে অ্যাপোলো ১৭ মিশনের পর থেকে মানুষ আর চাঁদের পৃষ্ঠে পা রাখেনি।
এক সপ্তাহের কম সময় আগে মাস্ক ঘোষণা করেছিলেন, স্পেসএক্স তার নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ‘এক্সএআই’কে কিনে নিয়েছে। এ চুক্তিতে রকেট ও স্যাটেলাইট কোম্পানিটির (স্পেসএক্স) মূল্য ধরা হয়েছে ১ লাখ ডলার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাটির (এক্সএআই) দাম ২৫ হাজার কোটি ডলার।
এই পদক্ষেপের পক্ষের মানুষেরা মনে করছেন, এটি স্পেসএক্সের মহাকাশভিত্তিক ডেটা সেন্টার তৈরির পরিকল্পনাকে শক্তিশালী করবে। মাস্ক মনে করেন, এআই উন্নয়নের সঙ্গে সঙ্গে কম্পিউটিং পাওয়ারের চাহিদা যেভাবে বাড়ছে, তাতে পৃথিবীর চেয়ে মহাকাশে ডেটা সেন্টার চালানো বেশি সাশ্রয়ী।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম