হেডিংলি টেস্টে পাকিস্তানকে চেপে ধরেছে ইংল্যান্ড। পাকিস্তানের প্রথম ইনিংস ১৭১ রানে গুটিয়ে দেয়ার পর দ্বিতীয় দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৮ উইকেটে ৩৬৬ রান। ফলে প্রথম ইনিংস শেষ হওয়ার আগেই তাদের লিড দাঁড়িয়েছে ১৯৫ রান।
দ্বিতীয় দিন ব্যাট হাতে ইংল্যান্ডের হয়ে দারুণ অবদান রেখেছেন জর্ডান কক্স ও জো রুট। ৩৪ ওভার ব্যাট করে দুইজন গড়েন ১৫০ রানের জুটি। কক্স ১০০ বলে ১৪টি চারের সাহায্যে ৭৩ রান করেন। রুট ১১২ বলে ১০ চারে করেন ৬৬ রান।
এই ইনিংসের পথে টেস্ট ক্যারিয়ারে ৪৮তম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন রুট, যা ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সমান।
অন্যদিকে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪২টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন তিনি। এর আগে হ্যারি ব্রুক ও ড্যান লরেন্সের ব্যাটে আরেকটি শতরানের জুটি পায় ইংল্যান্ড। পঞ্চম উইকেটে দুইজন যোগ করেন ১২০ রান। লরেন্স ৫১ রান করে ফিরলেও সেঞ্চুরির পথে থাকা ব্রুক থামেন ৯১ রানে।
৯৩ বলে ১৩টি চার মেরে ৯১ রান করা ব্রুককে বোল্ড করেন পাকিস্তানের স্পিনার আলি উসমান। তাতেই আক্ষেপ নিয়ে ফিরতে হয় ইংলিশ ব্যাটারকে। পাকিস্তানের হয়ে অবশ্য বল হাতে আলো ছড়িয়েছেন আলি উসমান।
নিজের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের দেখা পেয়েছেন তিনি। ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের কোনো বোলারের এক ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার কীর্তি এক দশক পর দেখালেন তিনি। সর্বশেষ ২০১৬ সালে ইয়াসির শাহ এই কীর্তি গড়েছিলেন।
আলি উসমান পাঁচ উইকেট নেয়ার পাশাপাশি পাকিস্তানের হয়ে একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আব্বাস, খুররম শেহজাদ ও মোহাম্মদ আলি।
দিন শেষে ১৬ রানে অপরাজিত আছেন জেমি স্মিথ। হাতে আরো দুই উইকেট নিয়ে তৃতীয় দিনে ইংল্যান্ডের লক্ষ্য থাকবে লিড আরো বাড়িয়ে পাকিস্তানকে বড় চাপে ফেলা।
দুই দিন ধরে বৃষ্টির কারণে খেলা ব্যাহত হওয়ায় ম্যাচের সময়ও কমেছে। তবে বর্তমান পরিস্থিতিতে ইংল্যান্ডের নিয়ন্ত্রণেই রয়েছে হেডিংলি টেস্ট।