সংগীতশিল্পী বালামের ‘মাওলা’ শিরোনামে অ্যালবামটি প্রকাশ পাচ্ছে কোরবানির ঈদে। অ্যালবামের টাইটেল সং ‘মাওলা’র মিউজিক ভিডিও প্রচার হয়েছে সোমবার। বালামের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।
‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’ এমন কথায় গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। গানের ভিডিও চিত্র করেছেন তানিম রহমান। গানটি প্রকাশ ঘিরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল কদিন আগে। সেখানে উপস্থিত ছিলেন বালামের পরিবার ও সংগীতাঙ্গনে তার কাছের মানুষেরা।
ছয় বছর আগে গানটি তৈরি হয়েছিল জানিয়ে বালাম বলেন, কোভিড মহামারীর সময়ে আমাদের সবাইকে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, মাওলা ছাড়া আমাদের পরিত্রাণের কেউ নেই, এই সময়টাতে ব্যাপারটি বারেবারে মনে হয়েছে। তাই বারবার তার কাছেই সাহায্য চেয়েছি। সেসময় এক মধ্যরাতে ‘মাওলা’ গানের প্রথম দুই লাইন মাথায় আসে। এরপর তাতে সুর দেই, সুর করা হলে তা তিনি শেয়ার করেন গীতিকার রশিদ নিউটনের সঙ্গে। এরপর আস্তে আস্তে পুরো গানটি তৈরি হয়।
‘মাওলা’ গানটির দৃশ্যধারণ হয়েছে নেপালের কালিনচকে। এতে বালামের বিপরীতে পর্দায় আছেন তার স্ত্রী সাগুফতা ফারুক। সাগুফতা বলেন, এ গানে আমাকে কিছু সময়ের জন্য দেখা যাবে। তবে বালামসহ সবাই অনেক পরিশ্রম করেছে। আমার নিজের শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল অনেক, কিন্তু এরপরও অংশু (তানিম রহমান) ভাই কাজটি করিয়ে নিয়েছেন। আসলে বালাম, অসম্ভব পরিশ্রমী একজন মানুষ, আমরা সবাই চাই, গানে যেন সে আর বিরতি না নেয়।
নির্মাতা তানিম রহমান জানিয়েছেন, গানের ভিডিওতে বালাম যে পোশাক পরেছেন, সেটির ডিজাইন শিল্পী নিজেই করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ