ডিন ফক্সক্রফটের সাহসী ইনিংসটাই পথ দেখাল নিউজিল্যান্ডকে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে কিউইরা পেয়েছে আড়াই শ’ ছুঁই ছুঁই সংগ্রহ। যার শুরুটা অবশ্য করেছিলেন হেনরি নিকোলস।

নিকোলসের ৮৩ বলে ৬৮ ও ফক্সক্রফটের ৫৮ বলে ৫৮ রানে ভর করে ৮ উইকেটে ২৪৭ রান করেছে নিউজিল্যান্ড। বিপরীতে জোড়া উইকেট করে নিয়েছেন তাসকিন, শরীফুল ও রিশাদ হোসেন।

আজ শুক্রবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি কিউইরা। প্রথম ১০ ওভার ছিল বাংলাদেশের অনুকূলে।

এই সময়ে ১ উইকেট হারিয়ে তুলতে পারে ৩৮ রান। যেখানে ৪৮টি ডট বল আদায় করে নেন টাইগার বোলাররা। শরিফুল নিজের ৫ ওভারে ২৭টিই ডট দেন। একমাত্র উইকেটটাও ছিল তার।

৬.৩ ওভারে দলীয় ২১ রানে ফেরান নিক কেলিকে। ২৩ বলে ৭ রান করে বোল্ড হন তিনি। পরে আরো একটা সুযোগ তৈরি করেন তিনি। নবম ওভারে তার বলে স্লিপে উইল ইয়াংয়ের ক্যাচ ফেলেন সাইফ।

তখন ইয়ং মাত্র ১ রানে ছিলেন। তবে জীবন পেয়ে হেনরি নিকোলসকে নিয়ে গড়েন ৭৩ রানের জুটি। তাতে খানিকটা চাপে পড়ে যায় স্বাগতিকেরা। তবে চাপ বড় হতে দেননি রিশাদ।

২২তম ওভারে রিশাদের প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে তানজিদের হাতে ক্যাচ তুলে দেন ইয়াং। আউট হন ৪২ বলে ৩০ রান নিয়ে। এরপর টম লাথামকে মিরাজ ফেরালে স্বস্তি ফেরে শিবিরে।

১৫ বলে ১৪ রানে ফিরলেন নিউজিল্যান্ড অধিনায়ক। এর আগেই অবশ্য ফিফটি তুলে নেন নিকোলস। হাঁটছিলেন শতকের পথেই। তবে ৮৩ বলে ৬৮ রানে পৌঁছুতেই তাকে থামান রিশাদ।

৯ বলের মাঝে ২ উইকেট নিয়ে যেন উদ্যম ফিরে আসে বাংলাদেশ দলে। কিউইদের রান তখন ২৮ ওভারে ১৩১/৪। ৫ম উইকেটটি আসে ১৬৫ রানে, এবার আব্বাসকে (১৪) ফেরান শরিফুল।

তবে এরপর একপাশ আগলে রেখে দারুণ এক ইনিংস খেলেন ফক্সক্রফট। তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। এছাড়া শেষ দিকে নাথান স্মিথ ২২ বলে ২১ রানে অপরাজিত থাকেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews