চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবিস্থত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন বন্ধ হয়ে গেছে। শনিবার রাতে অ্যামোনিয়ার মজুত শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানা বন্ধের ঘোষণা দেয়। অ্যামোনিয়া পাওয়া গেলে কারখানাটি চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কারখানা সূত্র জানায়, ডিএপি সার কারখানাটি প্রতিষ্ঠার পর থেকেই পাশর্^বর্তী চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে ফসফেট সার উৎপাদন করে আসছিল। কিন্তু গত ৪ মার্চ গ্যাস সংকটে সিইউএফএল ও কাফকোতে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।
ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাঈনুল হক জানান, ৪ মার্চ থেকে অ্যামোনিয়া না পেলেও আগের মজুত করা অ্যামোনিয়া দিয়ে কারখানায় উৎপাদন চলছিল। তবে শনিবার সন্ধ্যায় মজুত অ্যামোনিয়া শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে উৎপাদন বন্ধ করতে হয়। তবে অ্যামোনিয়া পাওয়া গেলে উৎপাদন শুরু করা যাবে। উল্লেখ্য, কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে ২০০৬ সালে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। কারখানার দুটি ইউনিটে দৈনিক ৮০০ মেট্রিক টন ফসফেট সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।