দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে হামের টিকার মজুত স্থিতিশীল আছে। ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান শুরু হবে। গতকাল সংসদ অধিবেশনে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিস উত্থাপন করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠছে সরকার। হামের টিকা নিয়ে কোনো সংকট নেই। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশের শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, যারা গত ৯ মাস ধরে বেতন পাচ্ছেন না, তাদের বেতন পর্যায়ক্রমে পরিশোধ করা শুরু হয়েছে। অন্যান্য সমস্যাগুলোও সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। হাম নিয়ে অযথা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী সংসদকে জানান, এ পর্যন্ত ২ কোটি ১৯ লাখ হামের টিকা পাওয়া গেছে। মজুতও আরও রয়েছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে টিকা কার্যক্রম চালানোর জন্য ৩৪ লাখ ৮৩ ডোজ টিকা বিতরণ করা হয়েছে। এক ভয়েলে ১০ ডোজ টিকা দেওয়া যায়। হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের জন্য সরকার সর্বমোট ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা সংগ্রহ করেছে। তিনি আরও জানান, ইউনিসেফের মাধ্যমে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইপিআই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোল্ড চেইন ব্যবস্থাপনা বজায় রেখে ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহন নিশ্চিত করছে। সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ টিকা আমাদের আছে এবং কোল্ড চেন রক্ষা করা হচ্ছে।
দেশের ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সংসদকে জানিয়েছেন, দেশের ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এতে দেখা যায়, সবচেয়ে বেশি বিদ্যালয়বিহীন গ্রাম রয়েছে চট্টগ্রাম বিভাগে এবং সবচেয়ে কম রংপুর বিভাগে। ভবিষ্যতে বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে এবং বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও এ সংক্রান্ত শর্তাদি বিবেচনা সাপেক্ষে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।