আদালতের নথিতে তিনি ছিলেন কারাগারে। কিন্তু বাস্তবে দীর্ঘদিন ধরে বাইরে অবস্থান করছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি। সম্প্রতি অন্য একটি ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর সামনে আসে বিস্ময়কর এ তথ্য। ঘটনাটি নিয়ে সাতক্ষীরা বিচারাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, সোমবার তালা থানা পুলিশ পৃথক ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ছিলেন আব্দুল মাজেদ নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে জারি থাকা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তবে আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ৮ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট একটি মামলায় আব্দুল মাজেদকে এক বছরের কারাদণ্ড দেন সাতক্ষীরা যুগ্ম দায়রা জজ (দ্বিতীয়) আদালত।
একই বছরের ২৮ নভেম্বর গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল। কিন্তু আদালতের নথিতে আসামিকে কারাগারে দেখানো হলেও সম্প্রতি পুলিশের হাতে পুনরায় গ্রেফতার হওয়ার ঘটনায় প্রশ্ন ওঠে তিনি এতদিন বাইরে ছিলেন কীভাবে?
বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মামলার বাদী ও সংশ্লিষ্ট আইনজীবীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি। পরে বিষয়টি জানতে সাতক্ষীরা যুগ্ম দায়রা জজ (দ্বিতীয়) আদালতে গেলে বেঞ্চ সহকারী মনিরুল ইসলাম জানান, এটি একটি ‘ভুল’ বা ‘মিসটেক’-এর কারণে ঘটেছে।
মামলার আইনজীবীদের দাবি, আদালতের রায়ে এক বছরের কারাদণ্ড থাকলেও কারাগারে পাঠানো আদেশে ভুলবশত এক মাসের সাজা উল্লেখ করা হয়েছিল। ফলে এক মাস কারাভোগের পর আব্দুল মাজেদ মুক্তি পান এবং দীর্ঘদিন বাইরে অবস্থান করেন।