সুপার এইটে আজ মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
এবারের বিশ্বকাপের বিস্ময় জিম্বাবুয়ে। অবিশ্বাস্য ছন্দে আছে দলটি। হিসাবের বাহিরে থেকে উঠে এসেছে সুপার এইটে। তবুও অপরাজিত থেকে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে।
অন্যদিকে অধিনায়ক শাই হোপের নেতৃত্বে উড়ছে ক্যারিবীয়রাও। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারসাম্য দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচের চারটাতেই জিতেছে তারা।
গ্রুপ পর্ব দুই দল পেরিয়ে এসেছে দাপটের সাথেও। জিম্বাবুয়ে যেখানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে, ওয়েস্ট ইন্ডিজের বড় শিকার ইংল্যান্ড। আজকের ম্যাচটা তাই বেশ জমে উঠতে পারে।
জিম্বাবুয়ের বড় শক্তি দলীয় পারফরম্যান্স। ব্লেসিং মুজারাবানি, ব্রাড ইভান্স, সিকান্দার রাজা, ব্রায়ান বেনেটরা আছেন দারুণ ছন্দে। যা ক্যারিবীয়দের বিপক্ষে জিম্বাবুয়েকে এগিয়ে রাখার রসদ জোগাচ্ছে।
তবে বড় চ্যালেঞ্জ হবে ভেন্যু বদল। গ্রুপের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার পর ওয়াংখেড়েতে মানিয়ে নেয়া সহজ হবে না। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এই মাঠে ইতোমধ্যেই দুইটি ম্যাচ খেলছে।
শুধু মুম্বাইয়ে কেন, ২০১৬ সাল বিশ্বকাপের পর থেকে ভারতে কোনো ম্যাচই খেলেনি জিম্বাবুয়ে। অর্থাৎ ১০ বছর পর ভারতের মাটিতে খেলবে জিম্বাবুয়ে দল।
স্বপ্নযাত্রায় গতি ধরে রাখতে এবং আরেকটি বড় শিকার যোগ করতে হলে জিম্বাবুয়ের জন্য মানিয়ে নেয়াই হবে মূল কাজ। অন্যদিকে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ। হারানো গৌরব ফিরে পেতে মরিয়া তারা।
সেই লক্ষ্যে এবারের আসরে ছুটছে ক্যারিবীয়রা। অধিনায়ক শাই হোপ ও জেসন হোল্ডার-শামার জোসেফরা ব্যাট হাতে আছেন ছন্দে। অন্যদিকে বল হাতেও ভালো করছেন বোলাররা।
তবুও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে সর্তক ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হোপ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে বলেন, ‘গ্রুপ চ্যাম্পিয়ন্স হয়েই সুপার এইটে এসেছে জিম্বাবুয়ে। ভালো ক্রিকেট না খেললে, প্রথম রাউন্ড থেকে সুপার এইটে আসা কঠিন। তাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে আমাদের সর্তক থাকতে হবে এবং নিজেদের পরিকল্পনাগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে চারবার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এরমাঝে মাত্র ১টিতে জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন ম্যাচেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।