ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম জানিয়েছে।
রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, নিহতদের মধ্যে ১২ জন একটি মাত্র হামলায় মারা যান।মঙ্গলবারের ওই হামলায় দেইর কানুন আল-নাহর শহরের একটি বাড়ি লক্ষ্যবস্তু করা হয়। নিহতদের মধ্যে তিন শিশু ও তিন নারী ছিলেন।
ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা আগে বলেছিল যে তারা ইরান-সমর্থিত শিয়া ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মঙ্গলবার দক্ষিণ লেবাননের কিছু অংশে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর হেজবুল্লাহ হামলা চালালে একজন ইসরায়েলি সেনা নিহত হয়।
এটি এমন এক সময়ে ঘটছে, যখন এক সপ্তাহেরও কম আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল যে লেবানন ও ইসরায়েল ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে এবং আগামী মাসে আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
দোসরা মার্চ ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধে লেবানন জড়িয়ে পড়ে, যখন হেজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালায়। তারা দাবি করে, এটি ছিল ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার নিহত হওয়ার প্রতিশোধ। এর জবাবে ইসরায়েল লেবাননজুড়ে বিমান হামলা এবং স্থল অভিযান শুরু করে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় পাঁচ সপ্তাহ পরও ইসরায়েল ও হেজবুল্লাহ উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।
বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে দিন-রাত ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম