চুপ্পুর অসুখটা বাতিল বস্তাপচা খুঁজলি-পাঁচড়া, ডায়রিয়া, আমাশয়, হুপিংকাশির মতো গরিবি গন্ধমাখা গৎবাঁধা ছোটলোকি অসুখ না। এটি অভিজাত ঘরানার অসুখ। করপোরেট ক্লাসের ক্লাসি কন্ডিশন। নাম ‘অটোনোমিক নিউরোপ্যাথি’।
এই অসুখের কারণে তিনি ফট করে ফিট পড়েন। আবার চট করে চেতনায় ফেরেন। যে সময়ে তিনি বেহুঁশ হয়ে পড়েন, সে সময়ের কথা হুঁশ ফিরলে মনে থাকে না।
অটোনোমিক নিউরোপ্যাথির মতো ব্যারাম নিয়ে রাষ্ট্রপতির মতো অটোনমাস বডির দায়িত্বে থাকা কাজের কথা না। সেই কারণে চুপ্পু চুপকে চুপকে ইস্তফা দিয়েছেন।
সুলিখিত ইস্তফাপত্রে চুপ্পু বলেছেন, ‘আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনোমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন।’
মূলত সে কারণে তাঁর এই ‘নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ’ ডিসিশন।