ক্যাম্পাসগুলোতে ‘গুপ্ত রাজনীতি’ ও ‘মব কালচার’ ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের দূরত্ব তৈরির পরিকল্পিত চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এসব কর্মকাণ্ডের জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে তাদের প্রকাশ্য রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ক্যাফেটেরিয়ার সামনে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, অধিকাংশ ক্যাম্পাসে শিবিরের মাত্র দুই বা পাঁচ সদস্যের কমিটি থাকলেও তারা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ‘মব’ সৃষ্টি করছে।
তিনি বলেন, ‘গত দেড় বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে যে মব হয়েছে, সেখানে ১৫-২০ জনের একটি ঐক্যবদ্ধ গ্রুপ কাজ করেছে। তারা সাধারণ শিক্ষার্থীর নামে ছাত্রদলকে হেনস্তা করছে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমাদের বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে। ক্যাম্পাস অস্থিতিশীল করতে এটি একটি পরিকল্পিত চাল।’
রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে যদি এই ধরনের ‘গুপ্ত রাজনীতি’ চলমান থাকে, তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট নিরসন হবে না।
সোশ্যাল মিডিয়ায় ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘মাসের পর মাস ধরে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার চলছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের কিছু নেতাকর্মী পাল্টা উত্তর দিলেও আমরা তাদের সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শনের নির্দেশনা দিয়েছি। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবে না।’
তিনি দাবি করেন, ভুয়া ফটোকার্ড ছড়িয়ে ক্যাম্পাস ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ছাত্রদল কোনোভাবেই ক্যাম্পাসকে অস্থিতিশীল হতে দেবে না এবং সাধারণ শিক্ষার্থীদের পাশেই থাকবে।
ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে ছাত্রদল সভাপতি বলেন, ‘দয়া করে আপনারা গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসুন। আপনাদের নেতাকর্মীরা যদি কিছু করতে চায়, তবে প্রকাশ্যে করুন। দেয়াল লিখন বা ছাত্রদলের সমালোচনা–যা-ই করার প্রয়োজন মনে করেন, তা নিজেদের পরিচয় দিয়ে করুন। কিন্তু পরিচয় লুকিয়ে মব সৃষ্টি বা প্রপাগান্ডা চালাবেন না।’
বিডি-প্রতিদিন/শআ