২০২৫ সালের ১লা ডিসেম্বর রাজ নিদিমোরুর সঙ্গে কোয়েম্বাতুরে ছিমছামভাবে বিয়ে সারেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি জানিয়েছিলেন, আর হয়তো কাউকে ভালোবাসতে পারবেন না। কারণ তার মনের দরজা বন্ধ। তবে তিনি বারবার এ-ও বলেছিলেন, তার কাছে ভালোবাসার গুরুত্ব অনেক। অবশেষে মনের বন্ধ দরজা খুলে সেখানে স্থান দিয়েছেন রাজকে। এবার বিচ্ছেদের মুহূর্তের মানসিক অবস্থা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সামান্থা ও তার বর্তমান স্বামী রাজকে সব জায়গায় একসঙ্গেই দেখা যায়। কখনো তারা শরীরচর্চা করতে যাচ্ছেন, কখনো আবার খেলতে যাচ্ছেন। এদিকে, ২০২১ সালে যখন বিবাহবিচ্ছেদের যন্ত্রণার মধ্যদিয়ে যাচ্ছিলেন নায়িকা, সেই সময় রাজই তাকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনেন। সামান্থার কথায়, আমি যখন বিচ্ছেদের যন্ত্রণার মধ্যদিয়ে যাচ্ছিলাম, নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আর কাউকে বিশ্বাস করা সম্ভব ছিল না। খুব অস্থির থাকতাম। রাজ তখন যে বন্ধুত্ব ও ভালোবাসা দিয়ে আগলেছে আমাকে, তার জন্য আজ আমি আরও ভালো মানুষ হতে পেরেছি। সেই অস্থির সময়ে কথা বলতে পারতেন না নায়িকা। কথা বলতে গেলেই নিঃশ্বাসের কষ্ট হতো। তবে এখন তিনি ভালো আছেন। সামান্থার কথায়, সম্প্রতি আমার এক বন্ধু আমাকে বললো, বহুদিন পর তোমার সঙ্গে কথা বলে মনে হচ্ছে, তুমি অভিনয় করছো না।