মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন চিত্রনায়ক শাকিব খান। মিউজিক ভিডিওটির নাম ‘জয়ধ্বনি’। সম্প্রতি এটি প্রকাশিত হয়েছে। এটি পৃষ্ঠপোষকতা করেছে এম রাইজ। আদনান আল রাজীব জানান, বাংলাদেশের পাশাপাশি গানটি তৈরিতে কাজ করেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং তুরস্কের আর্টিস্ট ও টেকনিক্যাল টিম। জয়ধ্বনি গানটির লেখা এবং মিউজিক ভিডিওর চিত্রনাট্য রচনা করেছেন এস এম আহসানুস শাকিব। ভারতের নাওজাদ পাটেলের সঙ্গীত আয়োজনে গান গেয়েছেন নিলয় আহমেদ। এর র‌্যাপ অংশটুকু গেয়েছেন টুকু শেরবাতস্কি। পুরো গানের শুটিং হয়েছে শ্রীলঙ্কায়। কোরিওগ্রাফি করেছেন ভারতের সিজার গনসালভেস এবং ক্যামেরায় ছিলেন পাকিস্তানের আহসান রাজা। কালারের কাজ করেছেন তুরস্কের ইরকান কুকুক। ‘শহর থেকে গ্রামে, নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’ এমন কথার গানটিতে উৎসবমুখর আয়োজনে মিউজিকের তালে নাচের ঝড় তুলেছেন শাকিব। প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে গানটি। প্রযোজনা প্রতিষ্ঠান এম রাইজের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অপ্রকাশিত প্রতিভাবানদের অনুপ্রাণিত করতেই আদনান আল রাজীবের পরিচালনায় এই গানটি তৈরি হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই সামনে উঠে আসবে দেশের আরও অনেক অপ্রকাশিত প্রতিভার গল্প। শিল্পী থেকে সাধারণ মানুষ, যারা দেশে ও সমাজে অবদান রাখছেন, তাদের প্রতিভার প্রকাশ ঘটাতে কাজ করবে এম রাইজ। এই প্রজেক্টে শাকিব খানের উপস্থিতি সব শ্রেণির মানুষের সঙ্গে একটি গভীর সংযোগ তৈরি করেছে। আদনান আল রাজীব বলেন, শাকিব খানকে নিয়ে আমার আগের কাজগুলো প্রশংসিত হয়েছে। এবারের কাজটি আরও বড় আকারের। ইতিমধ্যে দারুণ সাড়া পাচ্ছি। কাজটিতে আমাদের সহযোগিতা করেছে অ্যাডকম। উল্লেখ্য, আদনান আল রাজীবের পরিচালনায় শাকিব একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন। শাকিব এখন ব্যস্ত আগামী কুরবানি ঈদের সিনেমা ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে। একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। পর্দায় শাকিব হাজির হবেন রকস্টার হয়ে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews