অস্ট্রেলিয়ায় চলমান এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় ইরান। টুর্নামেন্ট শুরু হয়েছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়। সে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে তিন ম্যাচের সব কটিতে হেরে এরই মধ্যে দেশের উদ্দেশে অস্ট্রেলিয়া ছেড়েছে ইরান ফুটবল দল। তবে দলটির ছয় সদস্য রাজনৈতিক আশ্রয় নিয়েছে অস্ট্রেলিয়ায়।

গত ২ মার্চ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলা শুরুর আগে জাতীয় সংগীত বাজানোর সময় ইরানের খেলোয়াড়রা নীরবে দাঁড়িয়ে ছিলেন। এরপর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থাপক মোহাম্মদ রেজা শাহবাজি জাতীয় সংগীতে গলা না মেলানোয় খেলোয়াড়দের ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেন।

সাংবাদিকের এমন মন্তব্যের কারণেই এখন দেশে ফিরতে শাস্তির ভয় পাচ্ছেন নারী দলের ফুটবলারর। এমন অভিযোগ করেছেন দলটির কোচ  মারজিয়ে জাফারি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের ফুটবল ফেডারেশনের দেওয়া বিবৃতিতে কোচ জাফারি বলেন, ‘আমাদের মেয়েদের ওপর প্রথম ম্যাচে তৈরি হওয়া ভারী পরিবেশের প্রভাব পড়েছিল।’

ইরানের কোচ সেই উপস্থাপকের মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘বড় ভুলটি করেছেন তাঁরা, যাঁরা দেশে বসে সেই পরিস্থিতি না বুঝেই মেয়েদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আমি ফেডারেশনকে বিষয়টি দেখার অনুরোধ করেছি। কারণ, এটি আমাদের খেলোয়াড়দের মানসিকভাবে প্রভাবিত করেছে এবং এর পরিণতি আমাদের ভোগ করতে হয়েছে। আমি নিশ্চিত, ওই পরিস্থিতি তৈরি না হলে আমাদের কোনো খেলোয়াড়ই অস্ট্রেলিয়ায় থেকে যেত না।’

নারী এশিয়ান কাপ খেলতে যাওয়া ইরান দলের মোট ছয় সদস্যকে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। আরও একজনকে আশ্রয় দিলেও তিনি পরে তা প্রত্যাখ্যান করেন। 

সেই ফুটবলারের নাম প্রকাশ করে ইরানের কোচ বলেন, ‘অস্ট্রেলিয়ার পুলিশ কয়েক দফায় খেলোয়াড়দের ডেকে নিয়ে তাদের সঙ্গে একান্তে কথা বলেছে, সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে তাদের সেখানে থেকে যেতে রাজি করানোর চেষ্টা করেছে। সৌভাগ্যবশত দলের বেশির ভাগ সদস্যই এতে নেতিবাচক সাড়া দিয়েছে। এমনকি মোহাদ্দেসে জোলফি প্রথমে ইতিবাচক সাড়া দিলেও দ্রুত মত বদলেছে এবং ইনশা আল্লাহ দলের সঙ্গে ইরানেই ফিরবে।’

অন্য দুই ফুটবলারের না ফেরা নিয়ে যে খবর ছড়িয়েছিল, সেটিও ঠিক নয় বলে জানান ইরান কোচ, ‘গোলনুশ খোসরাভি ও আফসানেহ চাত্রেনুরকে নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা এখন আমাদের সঙ্গে মালয়েশিয়ায় আছে এবং শিগগিরই আমরা ইরানের উদ্দেশে রওনা হব।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews