বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির মেয়াদ ও আসন্ন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শুরুর আগে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে সভায় বক্তব্য দেন ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান। বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সাইদুজ্জামান তুহিন। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন ও ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। তার বক্তব্যে আসন্ন নির্বাচন, ফেডারেশনের সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্রীড়াঙ্গনে শৃঙ্খলার বিষয়গুলো গুরুত্ব পায়। কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, সরকারি নির্দেশনা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নবগঠিত অ্যাডহক কমিটির উদ্যোগে এই সাধারণ সভা আয়োজন করা হয়েছে। নির্বাচনের বিষয়ে সব কাউন্সিলরের সঙ্গে আলোচনা করে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, বর্তমান তিন মাসের সময়সীমা প্রায় শেষের দিকে। সাধারণ সভা থেকে সিদ্ধান্ত চূড়ান্ত হলে আগামীকালই নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বাংলাদেশের আরচ্যারির সাফল্যের ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, ২০০২ সালে আন্তর্জাতিক অঙ্গনে এফিলিয়েশন পাওয়ার পর থেকেই দেশের আরচ্যাররা ধারাবাহিকভাবে সাফল্য এনে চলেছেন। বিভিন্ন আন্তর্জাতিক ও এশিয়ান প্রতিযোগিতায় বাংলাদেশ এখন পর্যন্ত ৪২টি স্বর্ণপদক অর্জন করেছে। পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে অলিম্পিক ও যুব অলিম্পিকে অংশ নেওয়া এবং যুব অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছানো দেশের ক্রীড়া ইতিহাসে উল্লেখযোগ্য অর্জন বলেও উল্লেখ করেন তিনি। গত ২৫ বছরে বাংলাদেশে সাত-আটটি বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্ট ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজনের কথাও তুলে ধরেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। স্বাগতিক দেশ হিসেবেও বাংলাদেশ নিয়মিত পদক অর্জন করেছে বলে জানান তিনি। দেশের আরচ্যারির উন্নয়নে সহযোগিতার জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশেষ করে ২০১৭ সাল থেকে যুক্ত থাকা সিটি গ্রুপ, গ্রামীণফোন, উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক এবং শুরু থেকেই পাশে থাকা কিউটের অবদানের কথা উল্লেখ করেন ফেডারেশন সভাপতি।