ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের যে শঙ্কা দেখা দিয়েছে, তা মোকাবেলায় ‘অতিরিক্ত অর্থের যোগান’ পেতে আইএমফের সঙ্গে আলোচনা করার কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্র তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, ‘কোন শর্তে কত টাকা পাওয়া যাবে, তার বিস্তারিত আলোচনা হবে আগামী এপ্রিলে আইএমফের বসন্তকালীন বৈঠকে।’
জ্বালানি আমদানির অতিরিক্ত অর্থের যোগান কীভাবে আসবে—এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘সেগুলো আলোচনা হয়েছে, আলোচনার মধ্যে আছে। আমরা স্প্রিং মিটিংয়ে ওয়াশিংটনে যাচ্ছি, সেখানে বিস্তারিত আলোচনা হবে।’
আইএমএফের সঙ্গে ঋণ চুক্তির প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, ‘এই প্রোগ্রাম তো বেশ কয়েক বছর ধরেই চলছে। এটা আবার ফারদার রিভিউতে যাবে, সেটা অসুবিধা নাই। ইন দ্য মিনটাইম… অর্থনীতির যে অবস্থা, সেখান থেকে উত্তরণের জন্য যে প্রোগ্রামগুলো আছে… এই সংকট থেকে উত্তরণের ব্যাপারে, সেগুলো আমরা আলাপ করেছি।’
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির ওপর সরকারের হাত নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত সরকার ভালোভাবে পরিস্থিতি মোকাবিলা করছে। ভবিষ্যতে জ্বালানিসহ অন্যান্য সংকট মোকাবেলায় সবাইকে সংযমী হতে হবে।’