অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকারি বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা শঙ্কায় তার সরকারি বাসভবন দ্য লজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বেইজিংয়ে নিষিদ্ধ একটি চীনা নাচ ও গানের দলের অনুষ্ঠান বাতিল না করলে প্রধানমন্ত্রীর বাসভবন উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে ওই হুমকিতে। মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত তার সরকারি বাসভবনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর হাতে আসা ই-মেইলে দেখা গেছে, ‘শেন ইউনৎ’ নামের ওই সাংস্কৃতিক গোষ্ঠীকে তাদের আসন্ন অনুষ্ঠান বাতিল করতে বলা হয়েছে। অন্যথায় ক্যানবেরায় প্রধানমন্ত্রীর বাসভবনে বোমা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে তারা একটি কথিত নিরাপত্তা ঘটনার খবর পেয়ে সেখানে অভিযান চালায়। ঘটনার পরপরই প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং কয়েক ঘণ্টা তিনি অন্য একটি স্থানে অবস্থান করেন।

এএফপি জানায়, সুরক্ষিত স্থাপনাটিতে পূর্ণাঙ্গ তল্লাশি চালানো হয়েছে, তবে সন্দেহজনক কোনো বস্তু বা হুমকির প্রমাণ পাওয়া যায়নি। তারা আরও জানিয়েছে, বর্তমানে জনসাধারণ বা আশপাশের এলাকায় কোনো ধরনের হুমকি নেই। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের ওপর আস্থা রাখি। তারা তাদের দায়িত্ব পালন করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।’

দ্য লজ হলো ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। এখানেই গত নভেম্বরে অ্যান্থনি আলবানিজ ও জোডি হেইডনের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ ফেডারেল পার্লামেন্ট সদস্যদের নিরাপত্তা এবং কমনওয়েলথের গুরুত্বপূর্ণ ভবনগুলোর সুরক্ষার দায়িত্বে রয়েছে। এর মধ্যে দ্য লজ ও পার্লামেন্ট হাউসও রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews