সম্প্রতি পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি ও উর্ধ্বতন কর্মকর্তাদের নাম-পরিচয় এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। ভুয়া পরিচয়ে বর্তা পাঠিয়ে অর্থ দাবি ও বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদরদপ্তর।
মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় পুলিশ জানায়, প্রতারক চক্র সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে একদিকে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষ্মুণ্ন করছে।
পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে নিশ্চিত হওয়ার কারণ নেই। প্রতারকদের এ ধরনের বার্তায় সাড়া না দিতে সকলের প্রতি অনুরোধ জানায়। প্রতারক চক্রের এ ধরনের বার্তা পেলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে এবং সাইবার পুলিশ সেন্টার, সিআইডি ও গোয়েন্দা বিভাগ (ডিবি), ডিএমপি কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেন। আরও জানানো হয়, পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।